ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- মনিকের আজ (সোমবার) স্বপ্নপূরণের দিন। নিজের কোচিং ক্যারিয়ারের দ্বাদশ বছরে এসে তিনি নিজেকে আবিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শফিকুল ইসলাম মানিকের স্বপ্নযাত্রা শুরু হয়েছে সোমবার থেকে।
সোমবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে মানিকের নাম ঘোষণা করেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়। তবে মেয়াদকাল মাত্র ৩ মাস ১৪ দিন, মানে আগামী নভেম্বর পর্যন্ত ! বাদল রায় অবশ্য অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন, "অল্প সময়ের জন্য চুক্তি হলেও তাকে নিয়ে আমরা দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনা করছি। নভেম্বরের পরে তো চুক্তি নবায়নের সুযোগ আছে।" কিন্তু কীসের ভিত্তিতে নবায়ন হবে ? এই সাড়ে তিন মাসে মারদেকা কাপ ছাড়া আর কোনো টুর্নামেন্ট নেই জাতীয় দলের। স্বল্প সময়ে আগামী অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে কোচের পারফরম্যান্স দেখানোর সুযোগ কোথায় ? জবাবে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, "মারদেকা কাপে দলকে চ্যাম্পিয়ন করাতে হবে এমন নয়। কোচ কীভাবে দলকে পরিচালনা করছেন, চুক্তির শর্তাবলী তিনি কীভাবে পালন করছেন সেগুলো দেখে আমরা তার ব্যাপারে পুনঃসিদ্ধান্ত নেবো।" তার সঙ্গে বাদল রায় যোগ করেছেন, "আশা করছি এই স্বল্প সময়ে তার কর্মকান্ডও সেরকম হবে আমরা যেন তাকে দীর্ঘমেয়াদী নিয়োগ দিতে পারি।"
সংবাদ সম্মেলনে বাফুফে কর্তারা বলেই ফেলেছেন স্থানীয় কোচ নিয়ে তাদের বাজে অভিজ্ঞতার কথা। তাই নতুন কোচের কাছে তাদের প্রত্যাশা, তিনি বিতর্কের উর্ধ্বে থাকবেন। বাদল রায় ব্যাপারটাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এভাবে, "কাজের প্রতি তার আন্তরিকতা ও সততা আশা করছি আমরা। তিনি এমন কোনো কাজ করবেন না যাতে বাফুফের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। কোচ, খেলোয়াড় ও দলের ব্যবস্থাপকদের নিজেদের কর্মকান্ডের প্রতি আরো দায়িত্বশীল হতে হবে।"
বাফুফে-কর্তাদের ধন্যবাদ জানিয়ে শফিকুল ইসলাম মানিকও আশ্বস্ত করেছেন, "আমার যোগ্যতার মূল্যায়ন করার জন্য বাফুফেকে ধন্যবাদ। ফেডারেশনের ২১ জনের কমিটির সঙ্গে আমিসহ ২২ জন হয়ে কাজ করতে চাই। ফুটবল ফেডারেশনের একজন হয়েই আমি ফুটবল উন্নয়নে কাজ করতে চেষ্টা করবো।" সেজন্য তিনি প্রতিমাসে ৬০ হাজার টাকা করে পাবেন বাফুফে থেকে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও থাকছে। বেতনের দিক থেকে কোনো বাংলাদেশী ফুটবল কোচের বেলায় এটা সর্বোচ্চ বেতন।
কোচিং ক্যারিয়ারের ১২ বছরের মাথায় শফিকুল ইসলাম মানিক এই জায়গায় আসতে পেরেছেন। এজন্য তিনি অনেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, "প্রথমে আমার মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমার গুরু আলী ইমাম ও গফুর বেলুচের কাছে আমি কৃতজ্ঞ। তারা না হলে বোধাহয় আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না।"
তবে প্রত্যাশিত নতুন জায়গাটাও যে ভীষণ কন্টকাকীর্ণ। সফল হলে মাথায় তুলে রাখবে নইলে সমালোচনার তীরে বিদ্ধ করে বিদায় দেবে। যেটা হয়েছে তার পূর্বসূরীর বেলায়ও। সাফ গেমসে ব্যর্থতার পর নানা বিতর্কে জড়িয়ে অবশেষে বিদায় নিয়েছেন কোচ আবু ইউসুফ। যাওয়ার সময় কোচ ব্যর্থতার দায় স্বীকার করেছেন। তবে তিনি স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন কোচ অবশ্য সেই বিতর্কে নিজেকে জড়াতে চান না, বরং সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন। কিন্তু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় তাকে অভয় দিয়ে বলেছেন, "কোচের কাজে কোনো হস্তক্ষেপ থাকবে না। জাতীয় দল নির্বাচনের সময় ব্যবস্থাপনা কমিটির প্রেসক্রিপশন থাকবে। কিন্তু দল গঠনের পর সম্পূর্ণ দায়-দায়িত্ব কোচের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০১৬ঘ.
bdnews24