২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিনবায়েভার আরেকটি বিশ্ব রেকর্ড, চীনের অগ্রযাত্রা অব্যাহত

একটা সময় পোল ভল্টের সমার্থক হয়ে উঠেছিলেন সের্গেই বুবকা, নিজেরই গড়া রেকর্ড ভেঙ্গেছিলেন ৩৫ বার! সেই অবিশ্বাস্য কীর্তিকে চ্যালেঞ্জ জানানোরই যেন সিদ্ধান্ত নিয়েছেন 'মেয়েদের সের্গেই বুবকা' ইয়েলেনা ইসিনবায়েভা। সোমবার মেয়েদের পোল ভল্টের সোনা অক্ষুন্ন রেখেছেন তো বটেই, ৫.০৫ মিটার পেরিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে এটা ২৪তম রেকর্ড ইসিনবায়েভার। বুবকার 'রেকর্ড'টা সত্যিই হুমকির মুখে এখন!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা সময় পোল ভল্টের সমার্থক হয়ে উঠেছিলেন সের্গেই বুবকা, নিজেরই গড়া রেকর্ড ভেঙ্গেছিলেন ৩৫ বার! সেই অবিশ্বাস্য কীর্তিকে চ্যালেঞ্জ জানানোরই যেন সিদ্ধান্ত নিয়েছেন 'মেয়েদের সের্গেই বুবকা' ইয়েলেনা ইসিনবায়েভা। সোমবার মেয়েদের পোল ভল্টের সোনা অক্ষুন্ন রেখেছেন তো বটেই, ৫.০৫ মিটার পেরিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে এটা ২৪তম রেকর্ড ইসিনবায়েভার। বুবকার 'রেকর্ড'টা সত্যিই হুমকির মুখে এখন! ইসিনবায়েভার বেইজিং জয়ের দিনে যথারীতি শীর্ষস্থান অক্ষুন্ন আছে চীনের। আগের দিনের ৩৫টির সঙ্গে সোমবার আরো ৪টি সোনা জিতেছে স্বাগতিকরা, ৩৯টি সোনা নিয়ে অন্যদের প্রায় ধরা-ছোঁয়ার বাইরেই চলে গেছে তারা। ২২ টি সোনা জিতে যুক্তরাষ্ট্র আছে দ্বিতীয় স্থানে। সোমবার অ্যাথলেটিক্স থেকে দুটো সোনা পেয়েছে যুক্তরাষ্ট্র। মেয়েদের ডিসকাস থ্রো'র শিরোপা উঠেছে স্টেফানি ট্রাফটনের হাতে। যে জয়ের পথে তার ছোড়া ডিসকাস পেরিয়েছে ৬৪.৭৪ মিটার দূরত্ব। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের সোনাও আরেক মার্কিনি অ্যাঞ্জেলো টেলরের। অ্যাথলেটিক্সে দুটো সোনা জিতেছে কেনিয়াও। ছেলেদের ৩ হাজার মিটার স্টিপলচেজে ব্রিমিন কিপ্রপ কিপ্র"তো আর মেয়েদের ৮০০ মিটারে পামেলা জেলিমো সোনা জয়ের আনন্দে ভাসিয়েছেন কেনিয়ানদের। অ্যাথলেটিক্সের বাকি ইভেন্ট ছেলেদের লং জাম্পে সবাইকে পেছনে ফেলেছেন পানামার আর্ভিং আরান্দা। তবে সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় ইভেন্ট ছিল মেয়েদের পোল ভল্ট। কয়েক বছর ধরেই যে ইভেন্টে ইসিনবায়েভা অপ্রতিদ্বন্দ্বী। সোমবারও ফেভারিটের মর্যাদা ধরে রেখে এথেন্সের শিরোপা অক্ষ্ন্নু রাখতে বিন্দুমাত্র সমস্যা তার হয়নি। প্রতিযোগিতার বেশির ভাগ সময় তোয়ালেতে শরীর ঢেকে শুয়ে থাকা ইসিনবায়েভা প্রথম প্রচেষ্টাতেই পেরিয়ে যান ৪.৭০ মিটার। দ্বিতীয় বার ৪.৮৫ মিটার পেরিয়ে নিশ্চিত করে ফেলেন অলিম্পিক শিরোপা অক্ষুন্ন রাখা। তারপরও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তৃপ্ত হননি। ৫.০৫ মিটার পেরিয়ে, নতুন বিশ্ব রেকর্ড গড়েই সোনা জয়ের উৎসবে পূর্ণতা এনে দেন ইসিনবায়েভা। জিমন্যাস্টিকসে সোমবার যে ৪টি সোনার নিষ্পত্তি হয়েছে তার তিনটি উঠেছে স্বাগতিকদের ঘরে। ছেলেদের রিংয়ে চেন ইবিং, মেয়েদের আনইভেন বারে হি কেজিন হি ও ব্যক্তিগত ট্রাম্পোলিনে হি ওয়েনা সোনা জিতে উৎসবে মাতিয়েছেন চীনকে। জিমন্যাস্টিকসের অন্য ইভেন্ট ছেলেদের ভল্টের শিরোপা পেয়েছেন পোল্যান্ডের লেজেক ব্লানিক। টেবিল টেনিসেও চীনের জয়যাত্রা যথারীতি অব্যাহত। জার্মানিকে হারিয়ে পুরুষদের দলগত ইভেন্টের সোনা জিতে নিয়েছে তারা। ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪২ঘ.