২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালই জিতলেন টেনিসের সোনা

'ফেদেরার যুগ' শেষ করে দিয়ে টেনিস র‌্যাংকিংয়ে বিশ্ব সেরা হওয়াটা নিশ্চিত করেছিলেন অলিম্পিক শুরুর আগেই। বেইজিং অলিম্পিকের সোনা জিতে রাফায়েল নাদাল আবার প্রমাণ করলেন, তিনিই এই মুহূর্তে 'বিশ্ব সেরা'!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'ফেদেরার যুগ' শেষ করে দিয়ে টেনিস র‌্যাংকিংয়ে বিশ্ব সেরা হওয়াটা নিশ্চিত করেছিলেন অলিম্পিক শুরুর আগেই। বেইজিং অলিম্পিকের সোনা জিতে রাফায়েল নাদাল আবার প্রমাণ করলেন, তিনিই এই মুহূর্তে 'বিশ্ব সেরা'! রোববার পুরুষ এককের ফাইনালে চিলির ফার্নান্দো গনজালেসকে ৬-৩, ৭-৬ (২), ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। এর আগে মেয়েদের এককের সোনা জিতে নিয়েছেন রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভা, দ্বৈতের শিরোপা পেয়েছেন উইলিয়ামস বোনেরা। অলিম্পিক টেনিসে পুরুষ এককের শিরোপাটা নিয়ে অঘটনই যেন স্বাভাবিক ঘটনা হয়ে ছিল এতদিন। বাছাই তালিকার সেরা পাঁচে থাকা কেউ এর আগে জিততে পারেননি এই শিরোপা। এবারের দ্বিতীয় বাছাই নাদালই প্রথম সেই 'নিয়ম'টা ভাঙলেন। ফাইনালে গনজালেস একবারের জন্যও তার সার্ভিস ব্রেক করতে পারেন নি, তবে দ্বিতীয় সেটে দারুণ লড়াই হয়েছে দুজনের। দুবার সেট পয়েন্ট পেয়েছিলেন গনজালেস, দুবারই সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার অপেক্ষায় থাকা নাদাল। মেয়েদের ফাইনালে দেমেন্তিয়েভা স্বদেশী দিনারা সাফিনাকে হারিয়েছেন ৩-৬, ৭-৫,৬-৩ গেমে। তিনি নিজেই স্বীকার করছেন এটা ছিল তার কাছে অপ্রত্যাশিত। অনেক টেনিসপ্রেমীর প্রত্যাশার তালিকায়ও দেমেন্তিয়েভা উপরের দিকে ছিলেন না। কিন্তু দ্বৈতের সোনা উইলিয়ামস বোনদের জেতাটা ছিল খুবই প্রত্যাশিত। তারা সেটা জিতেছেনও। স্পেনের অ্যানাবেল মেদিনা এবং ভার্জিনিয়া রুয়ানো প্যাসকুয়াল জুটিকে তারা ফাইনালে তারা হারিয়েছেন ৬-২, ৬-০ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসএইচ/১৭০০ঘ.