২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলপসই এখন সর্বকালের সেরা অলিম্পিয়ান

মার্ক স্পিৎজের নামটা সত্যিই রেকর্ড বুক থেকে মুছে দিলেন মাইকেল ফেলপস। এক অলিম্পিকে সাতটি সোনার পদক জয়ের যে রেকর্ডটা গত ছত্রিশ বছর ধরে ছিল অধরা, রোববার বেইজিংয়ের ওয়াটার কিউবে সেটা মুছে দিয়ে এই অলিম্পিকে নিজের অষ্টম সোনার পদকটি জিতেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 04:03 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মার্ক স্পিৎজের নামটা সত্যিই রেকর্ড বুক থেকে মুছে দিলেন মাইকেল ফেলপস। এক অলিম্পিকে সাতটি সোনার পদক জয়ের যে রেকর্ডটা গত ছত্রিশ বছর ধরে ছিল অধরা, রোববার বেইজিংয়ের ওয়াটার কিউবে সেটা মুছে দিয়ে এই অলিম্পিকে নিজের অষ্টম সোনার পদকটি জিতেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। শুধু কি তা-ই, ৪*১০০ মিটার মিডলে রিলেতে সোনা জয়ের পথে ফেলপস আর তার তিনসঙ্গী অ্যারন পিয়ারসল, ব্রেন্ডান হ্যানসেন ও জ্যাসন লেজাক গড়েছেন আরেকটি বিশ্বরেকর্ড। ৩ মিনিট ২৯.৩৪ সেকেন্ড সময় নিয়েছেন তারা। অস্ট্রেলিয়া পেয়েছে রূপা আর জাপান পেয়েছে ব্রোঞ্জ। এই অলিম্পিকে যে আটটা ইভেন্টে অংশ নিয়েছেন ফেলপস, তার সব কটিতেই শিরোপা তো জিতেছেনই, এই নিয়ে তার সাতটিতেই হয়েছে বিশ্বরেকর্ড। যে একমাত্র ইভেন্টে বিশ্ব রেকর্ড হয়নি, সেই ১০০ মিটার বাটারফ্লাইতে হয়েছে অলিম্পিক রেকর্ড! এমন লোককে মানুষ না বলে 'অতিমানব' বলাই তো স্বাভাবিক। কিন্তু অষ্টম সোনা জেতার পর নিজেকে মানুষ প্রমাণ করতেই যেন ফেলপস বললেন,''আমি এখন আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই।'' সেই ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে স্পিৎজ ৭টি সোনা জিতেছিলেন, তারপর ৩৬ বছরে আর সেটা ছোঁয়া হয়নি কারো। রেকর্ডটাতে তাই চিরকালীনই ধরে নিয়েছিল ক্রীড়ামোদীরা, ফেলপসও বলছেন সেটাই,''বেশিরভাগ মানুষই বলছিল এটা সম্ভাবনা। এটা তাই কল্পনার মতোই ছিল।'' আর সেই কল্পনাকে সত্য করার জন্য ছিল তীব্র ক্ষুধাও,''আমি মনসংযোগটা ধরে রেখেছিলাম এবং এমন একটা কিছু করতে চেয়েছিলাম যেটা এর আগে কেউ কোনোদিন করতে পারেনি।'' তা তিনি করলেন। স্পিৎজের ৭ সোনার রেকর্ড ভাঙ্গার জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৬ বছর, কে জানে ফেলপসেরটার জন্য হয়ত অলিম্পিকের অপেক্ষা করতে হবে জীবনভর এবং হয়ত তাতেও অপেক্ষা ফুরাবে না। সর্বকালের সেরা অলিম্পিয়ান নিয়ে এই অলিম্পিকের আগে প্রশ্ন ছিল। রোববারের পর আর নেই। দুই অলিম্পিকে ১৪ সোনা জেতার পর ২৩ বছর বয়সী ফেলপসই এখন নিঃসন্দেহে সর্বকালের সেরা অলিম্পিয়ান! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/০১০০ ঘ.