২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে হার দিয়ে শুরু পাকিস্তানের

অলিম্পিক হকির সফলতম দল ভারতকে প্রথমবারের মতো বাছাইপর্ব থেকেই বিদায় করে দিয়ে বেইজিংয়ের টিকেট পেয়েছিল যুক্তরাজ্য। আর বেইজিং অভিযানের শুরুতেই তারা হারিয়ে দিয়েছে উপমহাদেশের হকির আরেক 'পরাশক্তি' পাকিস্তানকে। সোমবার পুল 'বি'-র প্রথম ম্যাচে তারা জিতেছে ৪-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিক হকির সফলতম দল ভারতকে প্রথমবারের মতো বাছাইপর্ব থেকেই বিদায় করে দিয়ে বেইজিংয়ের টিকেট পেয়েছিল যুক্তরাজ্য। আর বেইজিং অভিযানের শুরুতেই তারা হারিয়ে দিয়েছে উপমহাদেশের হকির আরেক 'পরাশক্তি' পাকিস্তানকে। সোমবার পুল 'বি'-র প্রথম ম্যাচে তারা জিতেছে ৪-২ গোলে। এশিয়ান হকির নতুন শক্তি দক্ষিণ কোরিয়ার জন্যও খারাপ গেছে দিনটি, অপ্রত্যাশিতভাবে নিউজিল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরে গেছে তারা। এদিনের অন্য দুটি ম্যাচে জয় পেয়েছে জার্মানি আর অস্ট্রেলিয়া। জার্মানরা ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক চীনকে, আর কানাডাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোল পেয়েছে যুক্তরাজ্য। জেমস টিনডালের ওই গোলের পর ১৪ মিনিটে রব মুর আর ২৯ মিনিটে অ্যাশলি জ্যাকসন আরো দুটি গোল করে ব্যবধানটা নিয়ে গেছেন ৩-০ তে। এরপর শাকিল আব্বাসী আর মুহাম্মাদ ওয়াক্কাসের দুগোলে কিছু সময়ের জন্য ম্যাচে ফিরেছিল পাকিস্তান, কিন্তু ম্যাচের আট মিনিট বাকি থাকতে ম্যাট ড্যালির গোল নিশ্চিত করেছে ব্রিটিশদের জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২০ ঘ.