বেইজিং, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঁতার পুলে চলছে বিশ্ব রেকর্ডের বন্যা। বেইজিং অলিম্পিকের চতুর্থ দিনে সোমবার আরো চারটি বিশ্ব রেকর্ড হয়েছে 'সুইমিং কিউব'-এ। কিন্তু এই চারটি রেকর্ডের দুটি গড়লেও মার্কিন যুক্তরাষ্ট্র পদক জয়ের লড়াইয়ে এখনো ঠিক পেরে উঠছে না চীনের সঙ্গে।
চতুর্থ দিনে আরো তিনটি সোনা জিতে পদক তালিকার শীর্ষে নিজেদের অবস্থান অনেকটাই সংহত করেছে স্বাগতিকরা। তাদের সংগ্রহ নয়টি সোনার পদক, চারটি সোনা জিতে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া আর তিনটি সোনা জিতে মার্কিনিদের অবস্থান তিন নম্বরে। তিনটি সোনা পেয়েছে ইতালিও।
৪*১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জয়ের পথে বিশ্ব রেকর্ড গড়া মার্কিন দলের সদস্য হিসেবে মাইকেল ফেলপ্স জিতেছেন এই অলিম্পিকে তার দ্বিতীয় আর সব মিলিয়ে অষ্টম সোনা। এক অলিম্পিকে আটটি সোনা জয়ের রেকর্ড গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়েছেন তিনি।
তবে সোমবার একদিনের জন্য হলেও অলিম্পিকের 'সবচেয়ে আলোচিত নাম' ছিলেন না এই মার্কিন সাঁতারু। দিনের সবচেয়ে বড় খবরটির জন্ম দিয়েছেন শ্যুটার অভিনব বিন্দ্রা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের শিরোপা জিতে তিনি হয়েছেন ভারতের পক্ষে ব্যক্তিগত কোনো ইভেন্টে সোনাজয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ! ২০০২ সালের ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে এই বিন্দ্রাকেই হারিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশের আসিফ হোসেন খান। সেই আসিফ এবার অলিম্পিকে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেননি। তবে এই ইভেন্টে বাংলাদেশের একজন প্রতিযোগী ছিলেন, এবং তিনি যথারীতি শামিল হয়েছেন ব্যর্থতার মিছিলে। ৫১ জনের মধ্যে ৪৬তম হয়ে বাছাই পর্ব থেকেই বাদ পড়েছেন তিনি।
বিন্দ্রার সোনা জয় ভারতের জন্য সুখবর হলেও সেটা চীনের জন্য ছিল দুঃসংবাদ। কারণ এই ইভেন্টের ফেবারিট চীনের ঝু কিনানকে পেছনে ফেলেছেন তিনি। এই নিয়ে শ্যুটিং রেঞ্জে দুটি প্রত্যাশিত সোনা হারালো স্বাগতিকরা।
কিন্তু চতুর্থ দিনশেষে পদক তালিকার দিকে তাকালে সেটা বোঝা যাবে না মোটেই। কারণ, এখন পর্যন্ত সেখানে চীনাদেরই প্রাধান্য। সোমবার চীন তিনটি সোনা পেয়েছে ডাইভিং আর ভারোত্তোলন থেকে।
পুরুষদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে ইউই লিন আর লিয়াং হুয়ো জুটি সকালে প্রথম সাফল্য এনে দিয়েছেন স্বাগতিকদের।
এরপর ভারোত্তোলনে দিনের দুটি ইভেন্টই জিতে নিয়েছে চীনারা। মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণীতে চেন ইয়ানকিং আর পুরুষদের ৬২ কেজি ওজন শ্রেণীতে ঝ্যাং জিয়াং জিয়াং পেয়েছেন প্রথম স্থান।
আগের দিনই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া দক্ষিণ কোরিয়া এদিন তাদের একমাত্র সোনার পদকটি জিতেছে আর্চারি থেকে। আগের দিন মহিলাদের দলগত শিরোপা জেতার পর সোমবার পুরুষদের বিভাগের শ্রেষ্ঠত্বও পেয়েছে তারাই।
তবে এই সব কিছু ছাপিয়ে সবার দৃষ্টি ছিল সাঁতার পুলেই।
প্রত্যাশিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের দারুণ একটা লড়াই হয়েছে ৪*১০০ মিটার ফ্রি স্টাইল রিলের ফাইনালে। তাতে শুধু জয়ই পায়নি মার্কিনিরা, গড়েছে নতুন বিশ্ব রেকর্ডও।
তাতে অবশ্য ফেলপসের চেয়েও বেশি অবদান জেসন লেজাকের। শেষ ১০০ মিটার শুরু করার সময় ১০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্ব রেকর্ডের মালিক ফ্রান্সের অ্যালেইন বার্নার্ডের চেয়ে পিছিয়ে ছিলেন লেজাক। কিন্তু সাঁতারের ভেন্যু 'ওয়াটার কিউবে'র পুলে ঝড় তুলে যুক্তরাষ্ট্রকে নাটকীয় এক জয় এনে দিয়েছেন তিনি। ফেলপস, লেজাক, কালেন জোন্স ও গ্যারেট ওয়েবার-গ্যালেকে নিয়ে গড়া মার্কিন দলটির টাইমিং ছিল ৩ মিনিট ৮.২৪ সেকেন্ড, যা আগের রেকর্ডের (৩ মিনিট ১২.২৩ সেকেন্ড) চেয়ে প্রায় চার সেকেন্ড কম।
অবিস্মরণীয় এই লড়াইয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলের ব্যক্তিগত রেকর্ডও ভেঙ্গে গেছে। অস্ট্রেলিয়ার ইমন সুলিভান ৪৭.২৪ সেকেন্ডে সাঁতরে বার্নার্ডের পুরনো রেকর্ড থেকে ০.২৬ সেকেন্ড মুছে দিয়েছেন। অস্ট্রেলিয়াকে অবশ্য ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এই ইভেন্টে। রূপা পেয়েছে ফ্রান্স। ফাইনালের পাঁচটি দলই নতুন রেকর্ড গড়েছে এই ইভেন্টে।
দিনের প্রথম বিশ্ব রেকর্ডটি অবশ্য হয়ে গেছে এর আগেই। মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের সেমিফাইনালে জিম্বাবুয়ের কার্স্টি কভেন্ট্রি গড়েছেন সেটি। ৫৮.৭৭ সেকেন্ড সময় নিয়ে তিনি মুছে দিয়েছে যুক্তরাষ্ট্রের নাথালি কফলিনের রেকর্ড। সেমিফাইনালে চতুর্থ স্থান পাওয়া কফলিন অবশ্য প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন মঙ্গলবারের ফাইনালেই।
পুরুষদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকেও নতুন রেকর্ড হয়েছে সোমবার। সেটি করেছেন জাপানের কোসুকে কিতাজিমা। ৫৮.৯১ সেকেন্ড সময় নিয়ে দু বছর আগে যুক্তরাষ্ট্রের ব্রেন্ডন হ্যানসেনের গড়া রেকর্ড থেকে ০.২২ সেকেন্ড মুছে দিয়েছেন তিনি। এই ইভেন্টে নরওয়ের আলেকজান্ডার ডালে ওয়েন রূপা এবং ফ্রান্সের হিউজ দবস্ক ব্রোঞ্জ পেয়েছেন। এথেন্সে ১০০ ও ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জেতা কিতাজিমার সামনে এখন টানা দুই অলিম্পিকে 'ডাবল' জয়ের হাতছানি।
মহিলাদের সাঁতারের দুটো ইভেন্টেরও নিষ্পত্তি হয়েছে সোমবার। ১০০ মিটার বাটারফ্লাইয়ে অস্ট্রেলিয়ার লিসবেথ ট্রিকার এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলে যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন সোনা জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/২২২০ ঘ.
bdnews24