২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে আবাহনী ও চট্টগ্রাম মোহামেডান

আবাহনী লিমিটেডের বিজয়রথ ছুটেই চলছে। রোববার তারা ৪-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সিটিসেল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। 'বি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনালে তাদের সঙ্গী হয়েছে চট্টগ্রাম মোহামেডান, দিনের প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আবাহনী লিমিটেডের বিজয়রথ ছুটেই চলছে। রোববার তারা ৪-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সিটিসেল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। 'বি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনালে তাদের সঙ্গী হয়েছে চট্টগ্রাম মোহামেডান, দিনের প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে আগাগোড়া আধিপত্য ছিল ঢাকা আবাহনীর। ম্যাচের ২২ মিনিটে তারা পেয়েছে প্রথম সাফল্য। ইব্রাহিমের পাস থেকে জাহিদ হাসান এমিলি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক গোলাম মোস্তফাকে একা পেয়ে তাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন। কিন্তু ৩৬ মিনিটে মিঠুন চৌধুরীর প্লেসিং শটে সেই গোল শোধ হয়ে গেলে বি. লিগ চ্যাম্পিয়নরা একটু শংকা নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধে আবাহনীর অপ্রতিরোধ্য গতিতে অবশ্য উড়ে যায় সব শংকা। শুরুটা আরিফ খান জয়ের চমৎকার এক হেডে, ৫৯ মিনিটে ওয়ালী ফয়সালের ক্রসে তিনি আবাহনী ২-১ গোলে এগিয়ে দেন। তার মিনিট দুয়েক পরে উজ্জ্বলের কর্নার কিকে এমিলির হেড চট্টগ্রাম আবাহনীর জালে জমা হলে ঢাকা আবাহনীর জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। এমিলির দু গোলের পর জয়ও নিজের দ্বিতীয় গোল করেন। ৮৪ মিনিটে ইব্রাহিমের ক্রসে এই মিডফিল্ডারের ডাইভিং হেডের গোলটিই নিঃসন্দেহে ম্যাচের সেরা গোল। তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে বিকেল ৫ টায় শুরু হওয়া চট্টগ্রাম মোহামেডান-যাত্রাবাড়ী ম্যাচটি। মোহামেডানের পক্ষে ১৫ মিনিটে অ্যান্থনি, ৩০ মিনিটে দৌলত ও ৫৭ মিনিটে তৌহিদুল গোল করেছেন। যাত্রাবাড়ীর পক্ষে ২৩ মিনিটে ভিক্টর ও ৬৮ মিনিটে ইয়াসিন গোল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২০১ ঘ.