বেইজিং, ১০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- প্রথম ম্যাচে উজ্জ্বল লিওনেল মেসি দ্বিতীয় ম্যাচে ছিলেন ম্লান। তবে সেটা পুষিয়ে দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী, রোনালদিনিয়ো। বেইজিং অলিম্পিকে ফুটবলের সবচেয়ে বড় এই দুই তারকার পারফরম্যান্সে অদল-বদল হলেও তাদের দল আর্জেন্টিনা আর ব্রাজিল ঠিকই পেয়েছে জয়।
রোববার রোনালদিনিয়োর দুগোলে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল আর মেসির গোল মিসের মহড়ার পরও অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিও।
এদিন জয় পেয়েছে ক্যামেরুন, নাইজেরিয়া আর বেলজিয়ামও। ক্যামেরুন ১-০ গোলে হন্ডুরাসকে আর নাইজেরিয়া ২-১ গোলে জাপানকে হারিয়েছে। তবে জিততে পারেনি নেদারল্যান্ডস, ইনজুরি সময়ে গোল শোধ করে তারা কোনো রকমে ড্র করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে।
প্রথম ম্যাচে কোনো রকমে জয় পাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচেও যে খুব আক্রমণাত্মক ফুটবল খেলেছে, এমন নয়। তবে তারপরও বড় জয় এসেছে হাতে পাওয়া সুযোগগুলো সব কাজে লাগানোয়। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলটা পেয়েছে তারা। আলেকসান্দর পাতোর পাস থেকে বল পেয়ে তিনবারের চেষ্টায় কিউই গোলরক্ষক জ্যাকব স্পুনলিকে পরাস্ত করতে পেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার অ্যান্ডারসন।
৩৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটা করেছেন পাতো নিজেই, তবে তাতে খানিকটা ভূমিকা ছিল রোনালদিনিয়োরও। মাঝমাঠ থেকে তার বাড়ানো লম্বা পাস থেকেই সূচনা এই আক্রমণের, তা থেকে বল পেয়ে পাতোকে হেড করার মতো আদর্শ একটা ক্রস উপহার দিয়েছেন লেফটব্যাক মার্সেলো।
প্রথমার্ধে এই দু গোলেই এগিয়ে ছিল ব্রাজিল, বিরতির পর ৫৪ মিনিটে পাওয়া একটা ফ্রি কিক থেকে দশ মাস পর ব্রাজিলের হয়ে প্রথম গোল করেছেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনিয়ো। তারপর ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তিনি করেছেন পেনাল্টি থেকে, সেই পেনাল্টি আদায়ও করেছেন নিজেই। আর বদলি স্ট্রাইকার রাফায়েল ইনজুরি সময়ে করেছেন ব্রাজিলের শেষ গোলটি। টানা দ্বিতীয় জয়ে পুরো ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্র"পের শীর্ষে আছে প্রথম সোনা জয়ের লক্ষ্য নিয়ে বেইজিংয়ে আসা ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে বেলজিয়াম আছে তাদের পেছনেই।
'এ' গ্র"পের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করেছে অস্ট্রেলিয়া। ৭৮ মিনিটে ইজেকুয়েল ল্যাভেজ্জির দেওয়া একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা, তবে তার আগে অন্তত তিনটি সহজ সুযোগ মিস করেছেন তারকা স্ট্রাইকার মেসি।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/২০২৮ ঘ.
bdnews24