২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড দিয়েই ফেলপসের অলিম্পিক-অভিযাত্রার সূচনা

এক অলিম্পিকে মার্ক স্পিৎজের ৭টি সোনা জয়ের রেকর্ড ভাঙ্গার জন্য ঠিক এমন সূচনাই দরকার ছিল মাইকেল ফেলপসের! >>দ্বিতীয় দিনশেষে পদক তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 07:09 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, ১০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক অলিম্পিকে মার্ক স্পিৎজের ৭টি সোনা জয়ের রেকর্ড ভাঙ্গার জন্য ঠিক এমন সূচনাই দরকার ছিল মাইকেল ফেলপসের! রোববার নতুন বিশ্ব রেকর্ড গড়ে সাঁতারে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনা জিতেছেন তিনি। সেজন্য তার সময় লেগেছে ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড। ৪ মিনিট ৫.২৫ সেকেন্ডে আগের রেকর্ডটাও গড়েছিলেন ফেলপসই। এই ইভেন্টে হাঙ্গেরির লাজলো সেহ (৪ মিনিট ৬.১৬ সেকেন্ড) রুপা ও ফেলপসেরই ঘনিষ্ঠ বন্ধু ও স্বদেশী রায়ান লকটে (৪ মিনিট ৮.০৯ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের মতো মহিলাদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের বিশ্ব রেকর্ডও অক্ষত থাকেনি। অস্ট্রেলিয়ার স্টেফানি রাইস ৪ মিনিট ২৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েই জিতে নিয়েছেন সোনা। আগের রেকর্ডটা ছিল যুক্তরাষ্ট্রের ক্যাটি হফের (৪ মিনিট ৩১.৭১ সেকেন্ড)। এই ইভেন্টে রুপা জিম্বাবুয়ের কার্স্টি কভেন্ট্রির, আর ব্রোঞ্জ ক্যাটি হফের। রোববার সাঁতারে আরো দুটি শিরোপার নিষ্পত্তি হয়েছে। পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৩ মিনিট ৪১.৮৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার তায়েহওয়ান পার্ক। রুপা ও ব্রোঞ্জ যথাক্রমে চীনের লি ঝ্যাং ও যুক্তরাষ্ট্রের লারসেন জেনসেনের। মহিলাদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলের শিরোপা জিতে নিয়েছে নেদারল্যান্ডস। রুপা ও ব্রোঞ্জ যথাক্রমে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার। সোনা জিততে না পারলেও অন্য ধরনের এক 'রেকর্ড' গড়েছেন ৪১ বছর বয়সী ডানা টোরেস। অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী পদক জয়ী সাঁতারু হওয়ার কৃতিত্ব এখন তার দখলে। অলিম্পিকে ৪টি সোনা জয়ী টোরেস পঞ্চম বারের মতো অংশ নিচ্ছেন খেলাধূলার এই মহাযজ্ঞে। অলিম্পিকে তার অভিষেক হয়েছিল ১৯৮৪ সালে, লস অ্যাঞ্জেলসে। অবশ্য অন্য সব ইভেন্ট ছাপিয়ে রোববার সাঁতারের ভেন্যু 'ওয়াটার কিউবে' সবার দৃষ্টি ছিল ফেলপসের দিকে। যেখানে তাকে উৎসাহ দিতে স্ত্রী লরা, মেয়ে বারবারা ও বাবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে নিয়ে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তাদেরকে হতাশ করেননি সাঁতারের সবচেয়ে বড় তারকা। রেকর্ড গড়েই স্পিৎজের এক অলিম্পির্কে সর্বোচ্চ ৭টি সোনা জয়ের 'রেকর্ড' ভাঙ্গার মিশন শুরু করেছেন ফেলপস। এবারের অলিম্পিকে সর্বমোট আটটি ইভেন্টে অংশ নিতে যাওয়া ফেলপস অবশ্য লড়াই শেষ হওয়ার আগেই বুঝতে পেরেছিলেন সোনার পদকটা তার গলায়ই উঠতে যাচ্ছে, "শেষ ৫০ মিটারে পৌঁছানোর পর ডাইনে তাকিয়ে যখন দেখতে পেলাম রায়ান ও লাজলোর চেয়ে এগিয়ে আছি তখনই হাসতে শুরু করেছি আমি।" মার্কিন পতাকা হাতে প্রেসিডেন্ট বুশের উৎসাহ দেয়াও দারুণ অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন তিনি, "দেখলাম তিনি পতাকা নেড়ে আমার দিকে মাথা ঝোঁকাচ্ছেন। প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন পাওয়া সত্যিই অসাধারণ এক অনুভূতি।" শ্যুটিংয়েও একটা রেকর্ড হয়েছে রোববার। তবে তা বিশ্ব নয়, অলিম্পিক রেকর্ড। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ৪৯২.৩ পয়েন্ট স্কোর করে নতুন অলিম্পিক রেকর্ড গড়ার পাশাপাশি সোনা জিতে স্বাগতিকদের উল্লাসে ভাসিয়েছেন গুয়ো ওয়েনজুন। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ যথাক্রমে রাশিয়ার নাতালিয়া পাদেরিনা ও জর্জিয়ার নিনো সালুকভাদজের। পুরুষদের শ্যুটিংয়ে ট্র্যাপের শিরোপা পেয়েছেন চেক প্রজাতন্ত্রের ডেভিড কোস্তেলেচকি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন ইতালির জিওভান্নি পাল্লিয়েল্লো ও রাশিয়ার আলেক্সেই আলিপভ। এছাড়া মহিলাদের তিন মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে চীন সোনা, রাশিয়া রুপা ও জার্মানি ব্রোঞ্জ জিতেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪১৬ঘ.