বেইজিং, ৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেইজিং অলিম্পিকে প্রথম সোনার পদকটি জিতেছেন চেক প্রজাতন্ত্রের শ্যুটার ক্যাটেরিনা ইমনস। শনিবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৫০৩.৫ পয়েন্ট স্কোর করে প্রথম হয়েছেন তিনি।
প্রথম ইভেন্টে সাফল্য না পেলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিক চীনকেও। দিনের দ্বিতীয় যে ইভেন্টটির মীমাংসা হয়েছে, তাতেই সোনা জিতেছেন চীনা ভারোত্তোলক চেন জাইজিয়া। মেয়েদের ভারোত্তোলনে ৪৮ কেজি ওজন বিভাগে প্রথম স্থানটি পেয়েছেন তিনি।
অলিম্পিকের প্রথম সোনাটি যেন স্বাগতিক চীন জিততে পারে, সেভাবেই সাজানো হয়েছিল সূচি। কিন্তু মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন দু লি হতাশ করেছেন স্বাগতিকদের, কোনো পদকই পাননি তিনি। রাশিয়ার লিউবফ গ্যালকিনা জিতেছেন রূপা আর ব্রোঞ্জ জিতেছেন ক্রোয়েশিয়ার স্নিজানা পেইসিচ।
২০০৪ সালের এথেন্স অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন ক্যাটেরিনা, সেখানেই পরিচয়ের সূত্র ধরে পরে বিয়ে করেছেন আমেরিকান শ্যুটার ম্যাট ইমনসকে। শনিবার বেইজিংয়ের অলিম্পিক শ্যুটিং হলে সোনা জয়ের পর ম্যাটের হাত ধরেই এসেছিলেন সাংবাদিকদের সামনে। আবেগে ভেসে যেতে যেতে বলতে পেরেছেন কেবল এটুকু, "আমার দারুণ লাগছে!"
লি'র ব্যর্থতার হতাশা অবশ্য বেশিক্ষণ পোড়ায়নি স্বাগতিকদের। পরের ইভেন্টটাতেই সোনা জিতে নিয়ে জাইজিয়া ভুলিয়ে দিয়েছেন সেটা। সব মিলিয়ে ২১২ কেজি ওজন তুলেছেন তিনি। ১৯৯ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান পেয়েছেন তুরস্কের সিবেল ওজকান আর তার চেয়ে তিন কেজি কম তুলে ব্রোঞ্জ জিতেছেন আরেক চেন, তাইওয়ানের চেন ওয়েই-লিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১০৫ ঘ.
bdnews24