২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেলেও মন ভরাতে পারলো না মোহামেডান

সিটিসেল ফেডারেশন কাপে আবাহনীর মতো দুর্বার শুরু হয়নি মোহামেডানের। একেবারে শেষদিকের এক গোলে তারা সানরাইজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট হারানোর হাত থেকে রক্ষা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সিটিসেল ফেডারেশন কাপে আবাহনীর মতো দুর্বার শুরু হয়নি মোহামেডানের। একেবারে শেষদিকের এক গোলে তারা সানরাইজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট হারানোর হাত থেকে রক্ষা পেয়েছে। 'ডি' গ্র"পের অন্য ম্যাচে বৃহস্পতিবার আরামবাগ ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। (আরো তথ্যসহ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মোহামেডানের মহামূল্যবান গোলটি হয়েছে ৮৭ মিনিটে। তার আগেও মোহামেডান আক্রমণ করেছে, দু-একটি গোলের সুযোগ তৈরি করলেও খেলায় ছিল না কোনো পরিকল্পনার ছাপ। সবই কেমন যেন এলোমেলো, এর মধ্যেই এসেছে সুযোগ। দেশের অন্যতম সেরা ক্লাবদল হিসেবে তাদের খেলায় যে ধার ও ভার থাকার কথা তার কিছুই দেখা যায়নি। যে কারণে প্রথম বিভাগের সানরাইজের সঙ্গে লড়তে গিয়েই মারূফুল হকের দলের ত্রাহি মধুসুধূন অবস্থা। এ কে এম মারূফুল হকের নাম ইতিমধ্যে সবার জানা হয়ে গেছে মোহামেডানের সুবাদে। 'শিক্ষিত' এই কোচের অধীনে সাদাকালো শিবিরে পরিবর্তনের সুবাতাস বইছে, আধুনিক ফুটবল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা, এমন খবর শোনা গেলেও তার প্রমাণ দেখা যায়নি মাঠে। বরং প্রথম ম্যাচেই এক ধরনের প্রমাণ হয়ে গেছে যে এই 'দেশী' দল নিয়ে শিরোপার জন্য লড়া যাবে না। মোহামেডান পুরোপুরি দেশী দল নিয়েই খেলেছে। বিদেশী কয়েকজনকে প্র্যাকটিসে দেখা গেলেও তাদের ছাড়পত্র এসে পৌঁছায়নি বলে দলে রাখা যায়নি। ম্যাচে মোহামেডান প্রথম গোল পাওয়ার মতো সুযোগ তৈরি করে ২৪ মিনিটে। এনামুল হক শরীফের বাড়ানো বল আয়ত্তে নিয়ে রনির এক দৌড়ে সানরাইজ ডিফেন্স তছনছ, কিন্তু গোলরক্ষক সানির সামনে গিয়ে উড়িয়ে মেরে তিনি নষ্ট করেছেন সুযোগ। ৮২ মিনিটে মোহামেডানের আরেকটি সুযোগ বিফলে গেছে সানির দৃঢতায়। সেবার সৈকতের দুর্দান্ত শটটি গ্রিপে নিয়ে নেন সানি। তবে ৮৭ মিনিটের গোলে তার করার কিছু ছিল না। ডানদিক থেকে শরীফের মাইনাসে ডিফেন্স এলোমেলো হয়ে গেলে রবিনের শট অনায়েসে সানরাইজের জাল খুঁজে নেয়। ওই গোলের আগ পর্যন্ত মোহামেডান আর সানরাইজের খেলার সেরকম পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল ছিল। প্রথম বিভাগের রানার্স আপরাও সংঘবদ্ধ হয়ে আক্রমণে উঠেছে বেশ কয়েকবার। ৯ মিনিটে মোহামেডানের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে লিটন গোলের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েও পারেনি। তবে এই না পারায় লজ্জা নেই, তারা তো ৮৬ মিনিট সমানে লড়ে গেছে দেশের অন্যতম সেরা এক পেশাদার দলের সঙ্গে ! দিনের অন্য ম্যাচে আরামবাগের পক্ষে দুটি গোলই করেছেন জেরি, ৩৫ ও ৫৩ মিনিটে। ৭৫ মিনিটে রহমতগঞ্জের পক্ষে ব্যবধান কমান ফ্রান্সিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৩৫