২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের পর আর্জেন্টিনারও শুরু জয় দিয়ে

গোল করেছেন লিওনেল মেসি, জয় পেয়েছে আর্জেন্টিনা। অলিম্পিক সোনা ধরে রাখার মিশনের শুরুতে এরচেয়ে ভালো খবর আর কী হতে পারে আর্জেন্টিনার সমর্থকদের জন্য? কিন্তু অলিম্পিকের একদিন আগেই মাঠে নেমে পড়ে এই জয়টা মোটেই প্রত্যাশা মেটাতে পারেনি তাদের। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বেইজিং, ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোল করেছেন লিওনেল মেসি, জয় পেয়েছে আর্জেন্টিনা। অলিম্পিক সোনা ধরে রাখার মিশনের শুরুতে এরচেয়ে ভালো খবর আর কী হতে পারে আর্জেন্টিনার সমর্থকদের জন্য? কিন্তু অলিম্পিকের একদিন আগেই মাঠে নেমে পড়ে এই জয়টা মোটেই প্রত্যাশা মেটাতে পারেনি তাদের। আইভরিকোস্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা, তবে সেই জয়টা নিশ্চিত হয়েছে ৮৬ মিনিটে লটারো অ্যাকোস্টার করা গোলে। এর আগে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও তাদের মিশন শুরু করেছে ওই রকমই একটা স্বস্তির জয় দিয়ে। বেলজিয়ামকে একমাত্র গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম দিনে জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর যুক্তরাষ্ট্রও। আর চারটি গ্র"পের অন্য চারটি ম্যাচ হয়েছে ড্র। সাংহাই স্টেডিয়ামে প্রায় পুরো প্রথমার্ধ সমানে সমানে লড়াই হয়েছে আর্জেন্টিনা আর আইভরিকোস্টের মধ্যে। আক্রমণ আর পাল্টা আক্রমণে উপভোগ্যই হয়ে ওঠা ম্যাচটিতে প্রথম ব্যবধান গড়ে দিয়েছেন কোর্ট অব আর্বিট্রেশনের রায় উপেক্ষা করে বেইজিংয়ে থেকে যাওয়া মেসিই, যদিও ৪৩ মিনিটে তার করা গোলটাকে ঘিরে আছে অফসাইডের বিতর্ক। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই (৫৪ মিনিট) সেকু সিসের গোলে ম্যাচে ফিরেছে আইভরিকোস্ট। এরপর ম্যাচ যে পথে এগোচ্ছিল তাতে পয়েন্ট হারানোর শঙ্কাই পেয়ে বসেছিল আর্জেন্টাইনদের। সেটা হয়নি অ্যাকোস্টার ওই গোলে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া আর সার্বিয়া ১-১ গোলে ড্র করায় এই জয়ে 'এ' গ্র"পের শীর্ষেই আছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার আশঙ্কা ভালো মতোই জড়িয়ে ধরেছিল ব্রাজিলকেও। তবে ৭৯ মিনিটে হার্নানেসের লক্ষ্যভেদে সেই আশঙ্কা থেকে মুক্তি পেয়েছে তারা। ৭২ মিনিটে প্রতিপক্ষের ভিনসেন্ট কোম্পানি ও নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দুয়েক আগে মারুয়ানে ফেলাইনির মার্চিং অর্ডারও (দু জনেরই দ্বিতীয় হলুদ কার্ড) জয় পেতে ভালোই সাহায্য করেছে ডুঙ্গার দলকে। 'সি' গ্র"পের অন্য ম্যাচে স্বাগতিক চীন নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় ব্রাজিলও রয়েছে শীর্ষেই। হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে 'ডি' গ্র"পের শীর্ষে আছে টুর্নমেন্টের অন্যতম ফেবারিট ইতালি, যদিও তাদের তিন গোলের দুটিই এসেছে পেনাল্টি থেকে। এই গ্র"পের অন্য দুদল দক্ষিণ কোরিয়া আর ক্যামেরুনের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের অমীমাংসায়। আর জাপানকে একমাত্র গোলে হারিয়ে 'বি' গ্র"পের শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র। এই গ্র"পের দুই ফেবারিট নেদারল্যান্ডস আর নাইজেরিয়ার ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/ ২০২৪ ঘ.