বেইজিং, ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জয়টাকে কষ্টার্জিতই বলতে হবে, মাত্র এক গোলের ব্যবধানে। তবু এই জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলার কথা ব্রাজিলের। অন্তত পয়েন্ট নষ্ট করার হতাশায় তো পড়তে হয়নি! বৃহস্পতিবার বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিকে প্রথম বারের মতো সোনা জয়ের মিশন শুরু করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার আশঙ্কা অবশ্য ভালো মতোই জড়িয়ে ধরেছিল ব্রাজিলকে। তবে ৭৯ মিনিটে হার্নানেসের লক্ষ্যভেদে সেই আশঙ্কা থেকে মুক্তি পেয়েছে তারা। ৭২ মিনিটে প্রতিপক্ষের ভিনসেন্ট কোম্পানি ও নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দুয়েক আগে মারুয়ানে ফেলাইনির মার্চিং অর্ডারও (দু জনেরই দ্বিতীয় হলুদ কার্ড) জয় পেতে ভালোই সাহায্য করেছে ডুঙ্গার দলকে।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইতালি বড় ব্যবধানে জিতেছে তাদের প্রথম ম্যাচে। 'ডি' গ্র"পে হন্ডুরাসকে তারা হারিয়েছে ৩-০ গোলে। যদিও ইতালীয়দের তিন গোলের দুটিই এসেছে পেনাল্টি থেকে। এছাড়া 'এ' গ্র"পে অস্ট্রেলিয়া ১-১ গোলে সার্বিয়ার সঙ্গে ড্র করেছে আর 'বি' গ্র"পে যুক্তরাষ্ট্র ১-০ গোলে জিতেছে জাপানের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩৪ঘ.
bdnews24