বেইজিং, ৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপের ঔজ্জ্বল্যে অলিম্পিক ফুটবল সাধারণত কিছুটা ম্লান থাকে। তবে এবারের অলিম্পিক ফুটবলকে ঘিরে ফুটবলপ্রেমীদের ঔৎসুক্য অন্যবারের তুলনায় অনেক বেশি। তার সবচেয়ে বড় কারণ রোনালদিনহো ও লিওনেল মেসির উপস্থিতি। বার্সেলোনায় ক'দিন আগেও সতীর্থ ছিলেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা। তবে 'বার্সা'র সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করে এখন রোনালদিনহোর নতুন ঠিকানা এসি মিলান। ক্লাবের হয়ে মুখোমুখি হওয়ার আগেই অলিম্পিকে দু জনের জমজমাট একটা লড়াইয়ের সম্ভাবনায় বিশ্ব ফুটবল এ মুহূর্তে দারুণ রোমাঞ্চিত।
সেই রোমাঞ্চের সূচনা হচ্ছে বৃহস্পতিবার থেকে। শুক্রবার বেইজিং অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এক দিন আগেই শুরু হয়ে যাচ্ছে পুরুষদের ফুটবল। এবং প্রথম দিনই মাঠে নামতে হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনাকে। এথেন্স অলিম্পিকে সোনা জয়ী আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন নিয়ে 'এ' গ্র"পে মুখোমুখি হবে আইভরি কোস্টের। আর বিশ্বকাপে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন হয়েও অলিম্পিক ফুটবলে কখনোই শিরোপা জিততে না পারা ব্রাজিল 'সি' গ্র"পে খেলবে বেলজিয়ামের বিপক্ষে।
অবশ্য বৃহস্পতিবার শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, অংশগ্রহণকারী ১৬টি দলকেই নামতে হচ্ছে মাঠে। আর্জেন্টিনার গ্র"প অর্থাৎ 'এ' গ্র"পের অন্য ম্যাচে লড়তে হবে অস্ট্রেলিয়া ও সার্বিয়াকে। 'বি' গ্র"পে ইউরোপের অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডের প্রতিপক্ষ '৯৬ অলিম্পিকের সোনা জয়ী নাইজেরিয়া। এই গ্র"পের অন্য ম্যাচে জাপানের লড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে। স্বাগতিক চীন 'সি' গ্র"পে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। 'ডি' গ্র"পে ২০০০ সালের সিডনি অলিম্পিকের চ্যাম্পিয়ন হওয়া ক্যামেরুনের লড়াই হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। গ্র"পের অন্য ম্যাচটিতে মুখোমুখি হবে ইতালি ও হন্ডুরাস।
আর্জেন্টিনা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের তিন উদীয়মান তারকা সার্জিও অ্যাগুয়েরো, আলেকজান্দ্রে পাতো এবং ফ্রেডি এডু থাকলেও এবারের অলিম্পিক ফুটবলের সেরা আকর্ষণ নিঃসন্দেহে রোনালদিনহো ও মেসি। ২০০৪ ও '০৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো অনেক দিন ধরেই ফর্মহীন। বেইজিং অলিম্পিক তাই তার কাছে ফর্ম ফিরে পাওয়ার উপলক্ষ্য হয়ে এসেছে। অলিম্পিকে অধরা সোনা জয়ের জন্য রোনালদিনহোর দিকেই তাকিয়ে আছে ব্রাজিলিয়ানরা। ঠিক তেমনি আর্জেন্টিনার আশা-ভরসার কেন্দ্রবিন্দুতেও মেসি। রোনালদিনহো-মেসির ব্রাজিল-আর্জেন্টিনা নাকি অন্য কোনো দেশ --- অলিম্পিক ফুটবলে কে চ্যাম্পিয়ন হয় তা দেখার জন্য আগামী দুই সপ্তাহ অধীর আগ্রহে বেইজিংয়ের দিকে তাকিয়ে থাকবে ফুটবল দুনিয়া!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫২ঘ.
bdnews24