লন্ডন, ৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উয়েফা কাপের গত মৌসুমের রানার্স আপ রেঞ্জার্সকে। তা-ও একেবারেই অপরিচিত এক দল লিথুয়ানিয়ান্স কনাসের কাছে হেরে! গত বুধবার বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল রেঞ্জার্স। শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো স্কটিশ ক্লাবটির। মঙ্গলবার কনাসের মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগ ১-২ গোলে হেরে যাওয়ায় এক রাশ হতাশা নিয়ে এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগকে বিদায় জানাতে হলো তাদের।
লিথুয়ানিয়ান চ্যাম্পিয়নদের মাঠে প্রথম এগিয়ে গিয়েছিল রেঞ্জার্সই। কিন্তু ৩৩ মিনিটে মিডফিল্ডার কেভিন টমসনের গোলে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি গত মৌসুমে স্কটিশ কাপ ও লিগ কাপ বিজয়ী দলটি। ১০ মিনিট পরই ফ্রিকিক থেকে গোলটা শোধ করে দেন কনাসের ডিফেন্ডার নেরিউস রাদিউস। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট তিনেক আগে কর্নার থেকে হেড করে রেঞ্জার্সের বুক ভেঙ্গে দেয়া গোলটা করেছেন লিনাস পিলিবাইতিস। এই পরাজয়ে রেঞ্জার্সের ম্যানেজার ওয়াল্টার স্মিথ একেবারে মর্মাহত, "ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং তার পরের মৌসুমের প্রথম ম্যাচেই বিদায় নেয়াটা সত্যিই খুব জঘন্য ব্যাপার। কিন্তু দুঃখজনক হলেও এটা হয়েছে। আমাদের সামনে কোনো অজুহাত নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৩৬ঘ.
bdnews24