২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ দলকে বিদায় জানালেন নিস্টলরয়

অলিম্পিককে সামনে রেখে ক্লাব আর জাতীয় দলের 'যুদ্ধ' চলছে যাদের ঘিরে, তাদের দলে নাম নেই তার। অমন কোনো বিতর্কে আর জড়াবেনও না রুড ফন নিস্টলরয়। কারণ, ডাচ জাতীয় দলের কমলা জার্সিটাই আর পরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। নেদারল্যান্ডসের ফুটবল ফেডারেশন কেএনভিবি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নিস্টলরয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

আর্মস্টারডাম, ৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)-- অলিম্পিককে সামনে রেখে ক্লাব আর জাতীয় দলের 'যুদ্ধ' চলছে যাদের ঘিরে, তাদের দলে নাম নেই তার। অমন কোনো বিতর্কে আর জড়াবেনও না রুড ফন নিস্টলরয়। কারণ, ডাচ জাতীয় দলের কমলা জার্সিটাই আর পরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। নেদারল্যান্ডসের ফুটবল ফেডারেশন কেএনভিবি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নিস্টলরয়। ক্লাব ক্যারিয়ারে মনোযোগ দিতেই সিদ্ধান্তটা নিয়েছেন নিস্টলরয়। "রিয়াল মাদ্রিদ আর ডাচ দলের খেলার সূচি পর্যালোচনা করে আমি বুঝতে পেরেছি দুদলের পক্ষেই খেলাটা আমার ওপর বড় ধরনের শারীরিক চাপ ফেলবে। সে কারণেই সিদ্ধান্তটা নিয়েছি আমি"- এভাবেই নিস্টলরয়কে উদ্ধৃত করা হয়েছে ওই বিবৃতিতে। ডাচ দলের হয়ে ৬৪ ম্যাচে ৩৩ গোল করা এই স্ট্রাইকার নাকি বলেছেন, "আমি কোনো ঝুঁকি নিচ্ছি না, দারুণ উপভোগ্য ইউরো ২০০৮ কাটানোর পর এখন আমার পেছন ফিরে তাকাতে পারছি একটা সুখস্মৃতি নিয়ে..।" একটি বিশ্বকাপ আর দুটি ইউরো চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস জাতীয় দলের প্রতিনিধিত্ব করা নিস্টলরয়ের এই হঠাৎ অবসর হতাশ করেছে সদ্য দায়িত্ব নেওয়া কোচ বার্ট ফন মারউইককে, "রুডের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, আর আমি কেবল এটুকুই বলতে পারি যে তার সিদ্ধান্তটাকে সম্মান দেখানো ছাড়া আমার কিছুই করার নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৩৫ ঘ.