ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবু ইউসুফের বিদায়ে আগমনী ধ্বনি বেজেছে শফিকুল ইসলাম মানিকের। এই বাংলাদেশী কোচের হাতে তুলে দেওয়া হচ্ছে জাতীয় দলের দায়িত্ব। মঙ্গলবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি তাদের সভায় এই সিদ্ধান্ত নিয়ে তা চূড়ান্ত অনুমোদনের জন্য বাফুফে সভাপতির কাছে পাঠিয়েছে।
বাফুফে সভাপতির অনুমোদন কেবল আনুষ্ঠানিকতার ব্যাপার। মঙ্গলবার সভাশেষে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "আমরা মানিককে কোচ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। শুধু জাতীয় দল নয়, বাফুফের অন্যান্য সব প্রশিক্ষণ কর্মকান্ডের সঙ্গেও তাকে যুক্ত করা যাবে।" আপাতত চুক্তির মেয়াদ ৬ মাস, এ সময়ের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টা।
তবে শফিকুল ইসলাম মানিকের আশা অনেক বড়, "দীর্ঘদিন কাজ করার আশা নিয়ে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাচ্ছি। আশা করি সেক্ষেত্রে আমার পারফরম্যান্সও বড় ভূমিকা রাখবে।" আসলে বাফুফে চায় ভাল একজন বিদেশী কোচের হাতে বাংলাদেশ দলের দায়িত্ব তুলে দিতে। এখনো তার সন্ধানে আছে তারা। তাকে পেয়ে গেলে জাতীয় দলের মায়া ত্যাগ করতে হবে মানিককে। তখন তো আরেকটা অনিশ্চয়তা। মানিক অবশ্য এটাকে অনিশ্চয়তা হিসেবে দেখছেন না, "বিদেশী কোচ হলেও তো একজন দেশী কোচ লাগবে। ভাল মানের বিদেশী কোচ কোচের সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।"
দীর্ঘ ১২ বছর বাংলাদেশের ক্লাব পর্যায়ে প্রশিক্ষণের পর শফিকুল ইসলাম মানিক জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন। এর আগে বাফুফের অধীনে ২০০২ সালে অনূধর্ব-১৪ ও ২০০৩ সালে অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাই এবারের সুযোগটা তিনি ভালভাবে কাজে লাগাতে চান,"আমার ক্যারিয়ারে অবশ্যই এটা একটা বড় সুযোগ। এটা কাজে লাগানো এবং বাফুফের আস্থা অর্জন করাটাই মুখ্য।" অবশ্য আগামী ৬ মাসের মধ্যে আপাতত একটা টুর্নামেন্টের কথাই শোনা যাচ্ছে, মারদেকা কাপ। অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর বাফুফে আরো টুর্নামেন্ট খেলতে যেতে চায় অন্যান্য দেশে।
অনেক মনে করেন, জাতীয় দলের দায়িত্ব মানে খড়গের নীচে মাথা পেতে দেওয়া। গত জুলাইয়ে সাফ গেমসে ভরাডুবির পর যেমন কোচ আবু ইউসুফকে বিদায় নিতে হয়েছে অনেক বিতর্ক নিয়ে। তবে যাওয়ার সময় তিনিও কোচের স্বাধীনতার অভাবের কথা বলে গেছেন। মানিক অবশ্য এসব বিতর্কে অংশ নিতে চান না, "আমি পেছনে ফিরে তাকাতে চাই না। কীভাবে সবার সহযোগিতা নিয়ে কাজ করা যায় সেটাই আমার কাছে মুখ্য। তাছাড়া অন্যান্য সময়ের চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কাজের পরিবেশ এখন অনেক ভাল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.
bdnews24