২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে ফাঁকি দিয়ে বেইজিংয়ে ফেলপস

এই অলিম্পিকের সবচেয়ে বড় তারকা তিনি। অথচ সেই সেই মাইকেল ফেলপস কি না অলিম্পিকের শহর বেইজিংয়ে ঢুকলেন সবার চোখ এড়িয়ে, পাশের দরজা দিয়ে। রোববার বেইজিংয়ের বিমানবন্দরে অপেক্ষমান ভক্তকুল আর সংবাদকর্মীদের চোখকে ফাঁকি দিয়ে সবার আগে বেরিয়ে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বেইজিং (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)- এই অলিম্পিকের সবচেয়ে বড় তারকা তিনি। অথচ সেই সেই মাইকেল ফেলপস কি না অলিম্পিকের শহর বেইজিংয়ে ঢুকলেন সবার চোখ এড়িয়ে, পাশের দরজা দিয়ে। রোববার বেইজিংয়ের বিমানবন্দরে অপেক্ষমান ভক্তকুল আর সংবাদকর্মীদের চোখকে ফাঁকি দিয়ে সবার আগে বেরিয়ে গেছেন তিনি। সিঙ্গাপুরে প্রশিক্ষণ ক্যাম্প শেষ করে মার্কিন সাঁতার দল আসছে বেইজিংয়ে, এই উপলক্ষে বিমান বন্দরের আগমনী লাউঞ্জের প্রধান ফটকের কাছে সমবেত হয়েছিলেন ভক্ত আর সংবাদকর্মীরা। কিন্তু সেই দলটি যখন বেরিয়ে আসছে, তখন সবার আগে ছিলেন না ফেলপস। অনুসন্ধিৎসু সবাইকে হতাশ করে দলের মুখপাত্র জানিয়েছেন, "ও তো এর মধ্যেই চলে গেছে!" অন্য একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রধান ফটক এড়িয়ে অন্য একটি দরজা দিয়ে বেরিয়েছেন ফেলপস। এই অলিম্পিকে সব মিলিয়ে পাঁচটি ব্যক্তিগত আর তিনটি দলীয় ইভেন্টে অংশ নেবেন ২৩ বছর বয়সী এই তরুণ। গত বছরের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ওই ইভেন্টগুলোতেই অংশ নিয়ে সাতটিতে শিরোপা জিতেছিলেন তিনি, অন্যটিতেও জিততে পারতেন যদি না তার এক সতীর্থের সামান্য ভুলে ডিসকোয়ালিফাইড হয়ে যেত তার দল। বেইজিংয়ে যদি এর অর্ধেক ইভেন্টেও জিততে পারেন, অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড হয়ে যাবে এথেন্সে ছয়টি সোনাজয়ী ফেলপসের। তিনি পেছনে ফেলবেন মার্ক স্পিৎজ, কার্ল লুইস, পাভো নুরমি আর লারিসা ল্যাটিনিনার নয়টি করে সোনা জয়ের রেকর্ডকে। তবে আলোচনা এই রেকর্ডটিকে ঘিরে নয়, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে সাতটি সোনাজয়ী স্পিৎজের রেকর্ডটাকেই তিনি ভেঙ্গে দেবেন বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/২২০৪ ঘ.