মাদ্রিদ, ৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)-- সমর্থকদের হৃদয়ে জায়গাটা পেয়ে গেছেন আগেই, এবার পেলেন স্বীকৃতিটাও। এখন থেকে বার্সেলোনার ১০ নম্বর জার্সির মালিক লিওনেল মেসি। দলের সবচেয়ে বড় তারকার জন্য বরাদ্দ এই জার্সিটা এতদিন ছিল রোনালদিনহোর, তিনি এসি মিলানে চলে যাওয়ার পর মেসিকেই সেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাটালানরা।
চেলসিতে চলে যাওয়া পর্তুগিজ মিডফিল্ডার ডেকোর ২০ নম্বর জার্সিটা পেয়েছেন সদ্য দলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ড্যানিয়েল অ্যালভেস, তবে মেসির ১৯ নম্বর জার্সিটা এখনো কাউকে বরাদ্দ করা হয়নি।
এই মুহূর্তে অবশ্য বার্সেলোনার সঙ্গে নেই মেসি, তার ক্লাব যখন প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য সফর করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে অংশ নিতে তিনি তখন চীনে।
তবে মেসিকে ছাড়াও যুক্তরাষ্ট্র সফরটা একেবারে খারাপ হচ্ছে না বার্সার, স্যামুয়েল ইতো'র দুগোলের সুবাদে রোববার তারা গুয়াদালাজারাকে হারিয়েছে ৫-২ গোলে। বুধবার সফরের পরবর্তী ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১৮৩৯ ঘ.
bdnews24