লন্ডন, ইংল্যান্ড, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেদের প্রাক মৌসুম প্রস্তুতির জন্যই আয়োজন টুর্নামেন্টটির। তবে এমিরেটস কাপের দ্বিতীয় আসরে শুরুটা মোটেই ভালো হয়নি আর্সেনালের। গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ থেকে কোনো পয়েন্টই পায়নি, ডেভিড ত্রেজেগের বিতর্কিত এক গোলে তারা হেরে গেছে জুভেন্টাসের কাছে। শনিবারের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব এফসি হামবুর্গকে। টুর্নামেন্টের অদ্ভুতুড়ে নিয়মে রিয়াল জয়ের জন্য তিন পয়েন্টের সঙ্গে পেয়েছে দুগোলের জন্য আরো দুটি পয়েন্ট, হারার পরও হামবুর্গের ঝুলিতে জমা পড়েছে একটি পয়েন্ট।
রিয়ালের পক্ষে গোলদুটি করেছেন ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয় আর ১৯ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ড্যানিয়েল পাজেরো। আর হামবুর্গের পক্ষে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ জিদান। তবে এই ম্যাচের শেষে তাদের কেউ নন, আলোচনায় উঠে এসেছেন সাইডলাইনে বসে থাকা হামবুর্গের ডাচ প্লে মেকার রাফায়েল ফনডার ফার্ট। রিয়াল মাদ্রিদ কিনে নিচ্ছে তাকে, এই গুঞ্জনটা লন্ডনেই সত্যি হয়ে যেতে পারে! হামবুর্গও তাকে ছেড়ে দিতে রাজি, কেবল দামটা বনলেই হয়। হামবুর্গের দাবি ১ কোটি ইউরো, সেটা নিয়েই দর কষাকষি চলছে এখন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭১৮ ঘ
bdnews24