২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের ঘোষণা দিলেন থুরাম

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আগেই, ইউরো ২০০৮এ ফ্রান্স প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পর। এবার ফুটবলকেই বিদায় জানালেন লিলিয়ান থুরাম। শুক্রবার এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য থুরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

প্যারিস, ২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আগেই, ইউরো ২০০৮এ ফ্রান্স প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পর। এবার ফুটবলকেই বিদায় জানালেন লিলিয়ান থুরাম। শুক্রবার এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য থুরাম। কয়েক দিন পর ফ্রান্সের প্রথম বিভাগ লিগের দল প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি-তে তার যোগ দেয়ার কথা ছিল। কিন্তু গত জুনে এক ডাক্তারি পরীক্ষায় হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়ার জন্যই সম্ভবত আর ঝুঁকি নিতে রাজি হননি 'লা ব্লুজ'-এর পক্ষে রেকর্ড ১৪২টি ম্যাচ খেলা থুরাম। তিনি নিজে অবশ্য এই সমস্যা মানতে রাজি নন, "ডাক্তারদের ধারণা আমার হৃদযন্ত্রে সমস্যা আছে। কিন্তু এটা ঠিক নয়। আমার এ ধরনের কোনো অসুস্থতা নেই। যদিও খেলা চালিয়ে যাওয়া আমার পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছে। আমি পিএসজি-তে যোগ দিতেই চেয়েছিলাম। তবে ঝুঁকি না নেয়ারই সিদ্ধান্ত নিলাম শেষ পর্যন্ত। ঝুঁকিটা কী, সেই ব্যাখ্যাও দিয়েছেন ৩৬ বছর বয়সী থুরাম। তার এক ভাই আন্তনিও বাস্কেটবল খেলতেন নব্বইয়ের দশকে। কিন্তু হার্ট অ্যাটাকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তাকে। থুরামের পরিবারের কয়েক জন সদস্যও হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত। বিশেষ করে মায়ের অনুরোধেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, "আমি মার সঙ্গে কথা বলেছি। তিনি খেলা না চালিয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছেন আমাকে। আমার পরিবারও চায় আমি যেন এখনই থেমে যাই। আমি তাদের দুশ্চিন্তায় ফেলতে চাই না।" ভাইয়ের অকাল মৃত্যুও সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন থুরাম, "আমি তার মতো ক্যারিয়ার শেষ করতে চাচ্ছিলাম না। প্যারিস সেন্ট জার্মেইয়ের পাওলো মালদিনি হতে পারলে খুশিই হতাম। কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হচ্ছে না।" এসি মিলানের ৪০ বছর বয়সী অধিনায়ক মালদিনি কয়েক দিন আগে আরো এক মৌসুম খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। থুরামের কথায় তারই ইঙ্গিত। ফ্রান্সের অন্যতম জনপ্রিয় ফুটবলার থুরাম '৯৮ বিশ্বকাপ ছাড়াও ইউরো ২০০০এর শিরোপা ও ২০০৬ বিশ্বকাপে রানার্সআপ হতে দারুণ সাহায্য করেছিলেন 'লা ব্লুজ'কে। তার পেশাদারি ক্যারিয়ার শুরু হয় মোনাকোতে ১৯৯০ সালে। '৯৬তে তিনি যোগ দেন পারমায়। তার তিন বছর পর পারমার উয়েফা কাপ জয়ে বড় ভূমিকা ছিল থুরামের। ২০০১ সালে জুভেন্টাসে যোগ দিয়ে দু বার ইতালিয়ান সিরি 'এ'র শিরোপা জয়ের মধুর স্বাদ পেয়েছিলেন তিনি। ৫ বছর পর বার্সেলোনায় যোগ দিয়ে দুই মৌসুম কাটিয়েছেন সেখানে। এবার চেয়েছিলেন পিএসজি-তে খেলতে। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হলো না থুরামের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৪ঘ.