বার্সেলোনা, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অলিম্পিক দলের সঙ্গে যোগ দিতে বার্সেলোনা ক্যাম্প ছেড়ে চলে গেছেন মেসি। এবং মেসির এই পদক্ষেপে সম্ভবত শেষ হতে যাচ্ছে তাকে নিয়ে গত মাসখানেক ধরে চলা ক্লাব-জাতীয় দল দ্বন্দ্ব।
ফিফা বুধবার তাদের সর্বশেষ রুলিংয়ে জানিয়ে দেয়, অলিম্পিকে ডাক পাওয়া ২৩ বছরের চেয়ে কম বয়সী খেলোয়াড়দের ছাড়তে হবে ক্লাবগুলোকে। এটা শোনার পর আর দেরি করেননি মেসি। পরবর্তী ফ্লাইট ধরতেই বেরিয়ে গেছেন প্রস্তুতি ম্যাচ খেলতে ইতালিতে অবস্থানরত বার্সেলোনার ক্যাম্প থেকে।
ফিফার নিয়ম হলো ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের অলিম্পিকের জন্য ছাড়তেই হবে ক্লাবগুলোকে। কিন্তু অলিম্পিক যেহেতু ফিফার টুর্নামেন্ট নয় তাই এখানে খেলোয়াড় ছাড়াটা বাধ্যতামুলক নয়- এমন যুক্তি দেখিয়ে মেসিকে ছাড়তে রাজি হচ্ছিল না। তাদের দুশ্চিন্তার জায়গা হলো, স্প্যানিশ লিগে গত মৌসুমে তৃতীয় হওয়াতে বার্সেলোনাকে এখন খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাইং এবং মেসি অলিম্পিকে গেলে সেই ম্যাচটাতে তাকে পাওয়া যাবে না। বার্সেলোনার অবশ্য এখনও সুযোগ আছে তাকে ধরে রাখার। তারা যেতে পারে আন্তজার্তিক স্পোর্টস ট্রাইবুনালে। এখন সেখানে যদি বার্সেলোনা জিতে যায় তাহলে কী হবে? মেসি যাওয়ার আগে জানিয়ে গেছেন, ''তারা যদি ফিরে আসার কথা বলে তাহলে তো আমাকে ফিরে আসতেই হবে।''
কিন্তু সেরকম কিছু হলে ভাঙ্গা মন নিয়েই ফিরবেন তিনি। কারণ তার বহুদিনের স্বপ্ন হলো অলিম্পিকে খেলা। শরীক হতে চান তিনি আর্জেন্টিনার সোনা রক্ষার মিশনে। বার্সেলোনা তার পথ এভাবে আগলে রাখার পরও মুখ বন্ধ রেখেছিলেন তিনি, যাতে এমনকি ম্যারাডোনাও ক্ষেপে গিয়েছিলেন। তাকে পরামর্শ দিয়েছিলেন, সব উপেক্ষা করে ক্লাব ছেড়ে দিতে। মেসি সেটা করলেন, তবে ফিফার চূড়ান্ত অনুমোদনের পর এবং জানিয়ে দিলেন জাতীয় দলের দাবি তার কাছে উপেক্ষার নয় কখনোই,''আমি আগেই বলেছি আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই। আমাকে ধরে রাখার পক্ষে বার্সেলোনার যে অবস্থান সেটা ঠিক আছে, কিন্তু তারা এটাও জানে যে আমার স্বপ্ন হলো দেশের হয়ে অলিম্পিকে খেলা।''
গোল ডটকমের সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯০০ঘ.
bdnews24