ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- খানিকটা যুক্তি-তর্কের পর সিদ্ধান্ত হলো বেজিং অলিম্পিকের মার্চপাস্টে শারমিন আক্তারের হাতেই থাকবে বাংলাদেশের পতাকা। কিন্তু এই পতাকার মান রাখার দায়িত্ব সবার। পুরো কন্টিনজেন্টের। পলায়নপর মনোবৃত্তি ত্যাগ করে সুশৃঙ্খল দল হিসেবে নিজেদের পরিচিত করার আহ্বান জানিয়েছেন শেফ ডি মিশন ও বিওএ মহাসচিব।
আগামী ৮ থেকে ২৪ আগস্ট বেজিং অলিম্পিকে যাওয়ার প্রাক্কালে বাংলাদেশ দলের অ্যাথলেট ও কর্মকর্তাদের আচরনবিধির কথা স্মরণ করিয়ে দিতে একটি সভার আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বুধবার এই সভায় শেফ ডি মিশন মেজর জেনারেল শাকিল আহমেদ গোপন করেননি নিজেদের লক্ষ্যের কথা, "আমরা জানি, সোনা কিংবা রূপা জয় আমাদের লক্ষ্য নয়। আমরা প্রতিকী অংশগ্রহণ করছি। তাই মূল লক্ষ্য আমাদের বেজিং অলিম্পিকে গিয়ে দেশের ভাবমূর্তি রক্ষা করা।"
ভাবমূর্তির বিষয়টা আরো স্পষ্ট করে বলেছেন বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ। অতীতের অঘটনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। কমনওয়েলথ গেমসে আমাদের এক শ্যুটার লজ্জাকর কাণ্ড ঘটিয়েছিল যা কোর্টে পর্যন্ত গড়িয়েছিল। তারপর ট্রেনিংয়ে গিয়ে একজন পালিয়ে গেছে। তাই আমি বারবার বলছি, এরকম কিছু যেন না ঘটে। খেলায় পদক জিততে না পারলেও শৃঙ্খলার পদকটা আমরা চাইলেই জিততে পারি।" ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে গিয়ে এক মহিলা ক্লিনারের সঙ্গে অশোভন আচরন করেছিলেন তৌফিকুর রহমান আলো। যা নিয়ে মেলবোর্নে থানা-পুলিশও হয়েছিল। এরপর বেজিং অলিম্পিকের প্রস্তুতির জন্য মাহফুজুর রহমান মিঠুকে পাঠানো হয়েছিল মালয়েশিয়ায়। ট্রেনিংয়ের মাঝপথে ইতালিতে একটি মিটে অংশ নিতে গিয়ে পালিয়েছেন এই হার্ডলার। এছাড়াও ক্রীড়াঙ্গনে পালিয়ে যাওয়ার ঘটনা আছে ভুড়িভুড়ি।
তাই বাংলাদেশের লাল-সবুজ পতাকার মান নিয়ে তাগিদ দিয়েছে বিওএ কর্তারা। সাফে একটি সোনা, একটি রূপা এবং এশিয়ান শ্যুটিংয়ে চতুর্থ হওয়া শারমিন আক্তারকে মার্চপাস্টে পতাকা বাহনের দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য কর্মকর্তারা একটু দ্বিধান্বিত ছিলেন উদ্বোধনের পরদিন তার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট আছে বলে। কিন্তু শারমিন এই সুযোগ ছাড়তে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.
bdnews24