মাদ্রিদ, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদ --- বেশ কিছু দিন ধরে তিন পক্ষের ভূমিকা অনেকটা ত্রিভুজ প্রেমের গল্পের মতো! রোনালদোর ছেলেবেলার স্বপ্ন রিয়ালের জার্সি পরার, রিয়াল তাকে নিতে দারুণ আগ্রহী, কিন্তু ম্যানইউ পর্তুগিজ তারকাকে ছাড়তে আগ্রহী নয়। সব মিলিয়ে ভীষণ গোলমেলে পরিস্থিতি। মিডিয়ায় প্রায় প্রত্যেক দিনই এ নিয়ে হৈ-চৈ, তুমুল উত্তেজনা। ঠিক এমন সময়ে রেমন ক্যালদেরন আবারো জানালেন রোনালদোকে পাওয়ার ব্যাপারে তাদের আগ্রহের কথা। তবে আগ্রহী হলেও রিয়াল প্রেসিডেন্ট জানিয়েছেন আপাতত স্প্যানিশ চ্যাম্পিয়নদের ভূমিকা শুধুই দর্শকের।
আগামী সপ্তাহে রোনালদো আর ম্যানইউ'র মধ্যে একটা মিটিং হবে। রিয়াল এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মিটিংয়ের ফলাফলের জন্য। স্পেনের ক্রীড়াদৈনিক 'এএস'-কে দেয়া এক সাক্ষাতকারে সে কথাই জানালেন ক্যালদেরন। সেই সঙ্গে রোনালদোকে রিয়ালের জার্সি গায়ে দেখার ব্যাকুলতা আবারো প্রকাশ করলেন তিনি, "যদি এই আলোচনার পর ম্যানচেস্টার তাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় তাহলে এটা পরিষ্কার যে সেই লড়াইয়ে রিয়াল মাদ্রিদই সবার চেয়ে এগিয়ে থাকবে। নিঃসন্দেহে তার দক্ষতার জন্যই ক্রিস্টিয়ানোকে আমরা পেতে চাই।" যদিও এই আগ্রহের পাশাপাশি পাদটীকা হিসাবে একটা 'কিন্তু'ও জুড়ে দিয়েছেন ক্যালডেরন, "তবে এই খেলোয়াড় (রোনালদো) ও ম্যানচেস্টারের মধ্যে একটা চুক্তিগত সমস্যা আছে। সে সমস্যার সমাধান তাদেরই করতে হবে। এখানে আমাদের কিছু করার নেই।"
রোনালদোর মাদ্রিদে খেলার স্বপ্নের কথা ক্যালদেরনও শুনেছেন। কথাটা শুনে তিনি দারুণ পুলকিত, উচ্ছ্বসিত। যদিও রোনালদো ও ম্যানইউ'র মধ্যে যে টানাপোড়েন চলছে সেটা তেমন উপভোগ করতে পারছেন না রিয়াল প্রেসিডেন্ট। তার মতে এটা একটা কমেডি ছাড়া আর কিছুই নয়, "সে প্রকাশ্যেই বলেছে যে মাদ্রিদে খেলা তার কাছে স্বপ্নের মতো। কথাটা শুনে আমি ভীষণ গর্বিত ও তৃপ্ত। তবে ক্রিস্টিয়ানোর দলত্যাগ শুধু তার ওপরেই নির্ভর করছে না। চুক্তিটা করা কিংবা বাতিলে আমাদেরও কোনো হাত নেই। এই কমেডিতে মাদ্রিদ শুধুই দর্শক।"
মিডিয়ায় গুঞ্জন, গত মৌসুমে ৪২ গোল করে ম্যানইউ'র 'ডাবল' (ইংলিশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ে বড় ভূমিকা রাখা রোনালদোর দর উঠতে পারে ৮৫ মিলিয়ন ইউরো পর্যন্ত। বিরাট অংকের অর্থ তো বটেই, ট্রান্সফার ফি'র নতুন রেকর্ডও হবে এটা। তবে রোনালদোকে দলে নিতে অর্থ কোনো ব্যাপার নয় বলেই জানিয়েছেন ক্যালদেরন, "আমাদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ়। নিজেদের কোনো ক্ষতি না করেই এই কাজে আমরা তাকে দলভুক্ত করতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫৫ঘ.
bdnews24