লন্ডন, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লুই ফেলিপে স্কলারির লক্ষ্যটা নিঃসন্দেহে উচ্চাভিলাষী। এক মৌসুমে তিনটি শিরোপা জয়ই ভীষণ কঠিন। অথচ চেলসির নতুন কোচ তার চেয়েও এগিয়ে চারটি শিরোপার লক্ষ্য নির্ধারণ করতে চাইছেন আগামী মৌসুমে!
হোসে মরিনহোর অধীনে ২০০৪-'০৫ ও '০৫-'০৬ মৌসুমে টানা দু বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল চেলসি। কিন্তু গত দুটো মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডের পেছনে থেকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। বিশেষ করে গত মৌসুমটা 'ব্লুজ'-এর জন্য ছিল হতাশায় ভরা। শেষ ম্যাচে এসে প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ার দুঃখে মিশেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ লিগ কাপের ফাইনালে হেরে যাওয়ার বেদনা। দলকে তিনটি প্রতিযোগিতায় রানার্সআপ করেও চাকরি টিকিয়ে রাখতে পারেননি আভ্রাম গ্রান্ট। ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হতে হয়েছে তাকে।
সেই দায়িত্বটা এখন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের কোচ স্কলারির কাঁধে। এবং মরিনহো-গ্রান্টের উত্তরসূরীর বিশ্বাস, তার দলের পক্ষে এ মৌসুমে চারটি শিরোপা (ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) জয় করা সম্ভব, "এ মৌসুমে আমরা চারটি প্রতিযোগিতায় অংশ নেবো। আমি চেষ্টা করবো চারটিরই শিরোপা জিততে। খেলোয়াড়রাও সেই চেষ্টা করবে। কাজটা খুবই কঠিন। কিন্তু আপনারা জানেন আমাদের দলের পক্ষে সেটা করা সম্ভব .... আমি যা চাই চেলসি তার সব কিছুই আমাকে দিতে পারে। খেলোয়াড়রা দারুণ আত্মবিশ্বাসী। (গত বার) ওরা দুটো ফাইনালে উঠেছিল। আর গত মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ পর্যন্ত শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল।"
এশিয়া সফরে এসে স্কলারি যখন আশার বাণী শোনাচ্ছেন তখন চেলসি-সমর্থকদের একটা সুখবর দিতে চাইছেন পিটার কেনিয়ন। আসলে একটি নয়, তিনটি সুখবর। চেলসির প্রধান নির্বাহীর বিশ্বাস আগামী মৌসুমেও তাদের দলে দেখা যাবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও আন্দ্রেই শেভচেঙ্কোকে। প্রথমেই ভক্তদের 'ব্লুজ'-এর দর্শন মনে করিয়ে দিয়ে কেনিয়নের মন্তব্য, "(খেলোয়াড়দের ব্যাপারে) চেলসির একটা দৃষ্টিভঙ্গি আছে। সেটা হলো আমরা আমাদের সেরা খেলোয়াড়দের বিক্রি করি না। আমরা এটা করতে চাই না এবং তার কোনো প্রয়োজনও নেই।"
আর তাই ল্যাম্পার্ড-দ্রগবা-শেভচেঙ্কোকে ধরে রাখার ব্যাপারে কেনিয়ন দারুণ আত্মবিশ্বাসী, "আমরা সব সময়ই বলেছি যা-ই ঘটুক না কেন ফ্র্যাঙ্ককে (ল্যাম্পার্ডকে) আমরা ধরে রাখতে চাই। তার চুক্তি শেষ হতে এখনো এক বছর বাকি। আশা করি আগামী মৌসুমেও চেলসির জার্সি গায়ে তাকে দেখা যাবে। দিদিয়েরের (দ্রগবার) চুক্তি শেষ হবে দুই বছর পর। দিদিয়েরকে নিয়ে সব সময়ই গুঞ্জন শোনা যায়। তবে তার এখানে (এশিয়া সফরে) না আসার একমাত্র কারণ হলো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা। কারণ আগামী মৌসুমে আমরা তাকে শতভাগ ফিট দেখতে চাই। শেভাও (শেভচেঙ্কো) আমাদের ২৩ জনের দলের অংশ। এই দলে অবদান রাখতে অক্ষম এমন কোনো খেলোয়াড় নেই। আমরা বিশ্বাস করি প্রত্যেকেরই ভালো খেলার সামর্থ্য আছে।"
তবে দ্রগবাকে আগামী মৌসুমেও স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যাবে কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় চেলসি। দিন কয়েক আগে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভবিষ্যত নির্ধারণের ইচ্ছা প্রকাশ করেছেন দ্রগবা। সেই সঙ্গে জানিয়েছেন গত মৌসুমে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে মরিনহো পদত্যাগ করার পর চেলসি ছাড়তে চেয়েছিলেন তিনি। বৃটেনের 'ডেইলি মিরর' পত্রিকাকে আইভরি কোস্টের স্ট্রাইকার বলেছেন, "চেলসিতে আমার ভবিষ্যত কী হবে তা এখনো জানি না। এটা ঠিক যে ক্লাবের সঙ্গে আমি চুক্তিবদ্ধ। তবে আমার এজেন্ট লন্ডনে মিটিং করবে। আর তার পরই সব কিছু জানা যাবে।" মিডিয়ায় জোর গুঞ্জন, দ্রগবার ব্যাপারে বার্সেলোনা ও এসি মিলান আগ্রহী। ল্যাম্পার্ডকে নিয়ে ইন্টার মিলানের আগ্রহের কথাও কারো অজানা নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৩ঘ.
bdnews24