গাজীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হোঁচট খেল বাংলাদেশ সেনাবাহিনী। গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে যাদের ফেবারিট ধরা হয়েছিল সেই সেনা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে সানরাইজ স্পোর্টিং ক্লাব।
সোমবার গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের বাছাইপর্বের এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে সানরাইজ স্পোর্টিংয়ের রাজুর বাড়িয়ে দেওয়া বল সেনা ডি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে প্রথম গোল করেন লিটন। ৭৪ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সানরাইজের ইমন বাবু পেনাল্টি থেকে। একটি আক্রমণে সেনা গোলরক্ষক আশরাফুল ইমন বাবুকে বিপজ্জনকভাবে বাধা দিলে রেফারি আজাদ রহমান পেলান্টির বাঁশি বাজান।
২-০ গোলে পিছিয়ে পড়া সেনাবাহিনী ম্যাচে ফেরার চেষ্টা করে। এবং ৭৮ মিনিটে একটি গোল শোধ করেন দেলোয়ার। কর্ণার থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বলটি তিনি হেড করে সানরাইজের জালে জড়িয়ে দেন। ম্যাচে মাঠ ভর্তি দর্শক থাকলেও দুদলের খেলা তাদের মন ভরাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/২০৪৪ঘ.
bdnews24