ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---এবারের মুক্তিযোদ্ধা দল গড়ার কারিগর মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী (অব.) মুক্তিযোদ্ধা ছেড়ে যাওয়ার চিন্তা করছেন ! আগামী রোববার তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বরাবরে চিঠি দিয়ে জানিয়ে দেবেন নিজের মনোভাবের কথা।
সবসময় শিরোপার দৌড়ে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের এবার ফুটবল দল গড়া নিয়েই সংশয় ছিল। অর্থাভাব এবং নেতৃত্বের সংকট এমন প্রকট হয়ে গিয়েছিল যে দল গড়ার অবস্থা ছিল না। দলবদল শেষ হওয়ার দিন দুয়েক আগে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী (অব.) উদ্যোগ নিয়ে কোনোরকমে একটি দল গড়ে বি. লিগ খেলা নিশ্চিত করে। সেই মানুষটিই এখন রাগে-ক্ষোভে মুক্তিযোদ্ধা ছেড়ে যেতে চাইছেন। বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "একদিন আগে হঠাৎ করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালককে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের প্রধান উপদেষ্টা করে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। দল গড়ার সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন বড় বড় পদ দিয়ে সবাইকে বসিয়ে দেওয়া হবে, এটা তো মেনে নেওয়া যায়না। তাই আমি নিজে সরে যেতে চাইছি।"
গত বুধবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মাসুদ আহমেদকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের প্রধান উপদেষ্টার আসনে বসিয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ সংশ্লিষ্টদের মতে, এটা গঠনতন্ত্রবিরোধী। নিয়ম হচ্ছে, দেশের প্রধানমন্ত্রীই হন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের প্রধান উপদেষ্টা। সেই জায়গায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক কীভাবে এই পদে বসেন, সেটাই সংশ্লিষ্টদের প্রশ্ন।
মুক্তিযোদ্ধা দল গড়ার সময় আমিন আহমেদ চৌধুরীকে উপদেষ্টা পদে বসিয়েছিল মহানগরী মুক্তিযোদ্ধা সংসদ। সেই থেকে তিনি বেশ সক্রিয় হয়ে মাঝারি মানের একটি দল তৈরি করেছেন। এই দলের খেলোয়াড়দের নিয়ে তার দুশ্চিন্তা আছে এখনও, "অনেক ছাড় দিয়ে খেলোয়াড়রা মুক্তিযোদ্ধায় খেলতে রাজি হয়েছে। অনেক খেলোয়াড়কে তো আমি এখনো টাকা-পয়সাও দিতে পারিনি। দলের পৃষ্ঠপোষক হওয়ার জন্য যখন কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে তখনই এমন সিদ্ধান্ত এসেছে উপর থেকে। এখন ভাবছি শুধু ফুটবলারদের কথা যারা আমার দিকে চেয়ে দলে এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24