বার্সেলোনা, ২৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্সেলোনার নতুন কোচ পেপ গার্দিওলার পরিকল্পনায় তার স্থান নেই। গত সপ্তাহে স্যামুয়েল এ'তোকে নতুন দল খোঁজার কথাও জানিয়ে দিয়েছেন গার্দিওলা। ঠিক এমন সময়ই রিয়াল মাদ্রিদের কোচের এ'তোর ব্যাপারে আগ্রহ প্রকাশ বাড়তি উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো ঘটনায়। বুধবার স্পেনের ক্রীড়াদৈনিক 'মুন্ডো দেপোর্তিভো' জানিয়েছে আফ্রিকার তিন বারের বর্ষসেরা ফুটবলারকে পেতে আগ্রহী রিয়ালের জার্মান কোচ বার্নড শুস্টার।
১১ বছর আগে রিয়াল মাদ্রিদের মাধ্যমেই পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল এ'তোর। তিনি অবশ্য তখন স্প্যানিশ 'জায়ান্ট' ক্লাবটির 'বি' দলের খেলোয়াড় ছিলেন। চার বছর ধরে বার্সেলোনায় খেলা এ'তোকে শুস্টার নিতে চাচ্ছেন তার 'বিশাল' প্রতিভার কারণে। প্রতিভার সাক্ষর অবশ্য কম রাখেননি তিনি। 'বার্সা'র হয়ে ১০৮ ম্যাচে ৭৭ গোল, ২০০৫ ও ২০০৬-এ 'লা লিগা'র শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা, দু মৌসুম আগে লিগে সর্বোচ্চ গোলদাতার সম্মান --- ক্যাটালান ক্লাবটিকে কম দেননি এ'তো। তারপরও গত মৌসুমটা প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় এখন তিনি দলে ব্রাত্য! এমন দুঃসময়ে শুস্টারের আগ্রহ তার জন্য অন্ধকারে আলোর রেখার মতোই। কয়েক দিন আগে ইতালিয়ান মিডিয়াকে এ'তো অবশ্য জানিয়েছেন চেলসি, ইন্টার মিলান ও টটেনহ্যাম হটস্পার তার প্রতি আগ্রহী।
'মুন্ডো দেপোর্তিভো' তাদের প্রথম পৃষ্ঠার রিপোর্টে শুস্টারের আগ্রহের পাশাপাশি আরেকটি তথ্যও দিয়েছে। রিয়াল মাদ্রিদের সভাপতি র্যামন ক্যালডেরনের আশঙ্কা, এ'তোকে নাকি রিয়াল-সমর্থকরা স্বাগত জানাতে দ্বিধা করবে! তিন মৌসুম আগে বার্সেলোনা স্প্যানিশ লিগের শিরোপা জয়ের পর রিয়াল সম্পর্কে এ'তোর আক্রমণাত্মক মন্তব্যের জন্যই এমন আশঙ্কা করছেন তিনি। সেই সঙ্গে ক্যামেরুনিয়ান স্ট্রাইকারের ঝামেলায় জড়ানোর প্রবৃত্তির জন্য ক্যালডেরনের ধারণা, এ'তো যোগ দিলে রিয়ালের ড্রেসিং রুমে নাকি 'ভূমিকম্পে'র সৃষ্টি হবে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.
bdnews24