ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- একসঙ্গে রথ দেখা ও কলা বেচার মিশন নিয়েই আগস্টে ইংল্যান্ড যাচ্ছেন কাজী সালাউদ্দিন। ইংলিশ ফুটবল এসোসিয়েশন (এফএ) -এর সঙ্গে আলোচনা সেরে তিনি প্রবাসী বাঙ্গালীদের কাছে আবেদন জানাবেন বাংলাদেশের ফুটবলের পাশে দাঁড়ানোর জন্য।
একটি মোবাইল কোম্পানি বাফুফেকে দিচ্ছে সাড়ে ১৬ কোটি টাকা। তাতেও হবে না, আরো টাকা চাই বাফুফে সভাপতির। এখন ফুটবল উন্নয়নের সঙ্গে অর্থকড়ির সম্পর্ক এত নিবিড় যে সালাউদ্দিনের ফুটবল স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অনেক টাকার দরকার। তাই এখনকার রুগ্ন ফুটবলকে নিজের সুখ্যাতির মোড়কে বেঁধে তিনি বিপননে নেমেছেন। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে তো আলাপ-আলোচনা চলছেই। তার সঙ্গে যোগ হয়েছে সভাপতির নতুন আইডিয়া, ইংল্যান্ড ও নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের ফুটবল উন্নয়নে সহযোগী করা।
মঙ্গলবার কাজী সালাউদ্দিন বলেছেন, "আমি ১২ আগস্টের দিকে ইংল্যান্ডে যাবো এফএ-র সঙ্গে আলোচনা করতে। তখনই ওখানকার বাঙ্গালীদের সঙ্গে বসবো।" এফএ কর্তাদের সাক্ষাৎপ্রার্থী হয়ে তিনি চিঠি দিয়েছিলেন আগেই। বুধবার তারা ইতিবাচক সাড়া দিয়েছে। "আমি চাইছি বাফুফেকে একটা আন্তর্জাতিক মানের ফেডারেশনে পরিণত করতে। অন্যান্য ফেডারেশনগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে আমরা বিভিন্নভাবে লাভবান হতে পারি। এফএ'র সঙ্গে যেমন আমি একজন টেকনিক্যাল ডিরেক্টর ও কোচের ব্যাপারে আলোচনা করবো"--- বলেছেন বাফুফে সভাপতি। আগে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা ভাবনাতেই ছিল না বাফুফে-কর্তাদের। কিন্তু নতুন বাফুফে কর্তার কাছে তা হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্ক কতোখানি গুরুত্বপূর্ণ তা দেখিয়েছেন তিনি ফেডারেশনের দায়িত্ব নিয়েই বাংলাদেশ দলের জন্য থাইল্যান্ডে দুটো প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করে।
এফএ-এর সঙ্গে সম্পর্ক গড়ার পাশাপাশি কাজী সালাউদ্দিনের অন্য পরিকল্পনা হচ্ছে ইংল্যান্ডের প্রবাসী বাঙ্গালীদের জন্য কয়েকটি ডিনারের আয়োজন করা। তিনি বলেছেন, "আমি কয়েকজনকে দায়িত্ব দিয়েছি প্রবাসী বাঙ্গালীদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবার চেষ্টা করবো বাফুফের পক্ষ থেকে কয়েকটি ডিনারের ব্যবস্থা করে বাংলাদেশের ফুটবলের অবস্থা তাদের কাছে তুলে ধরার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০৫ঘ.
bdnews24