মাদ্রিদ, ২২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক ফুটবলে এখনো পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ ব্রাজিলের জন্য এটা বিশাল এক ধাক্কা। কুঁচকির চোটের কারণে রবিনহো খেলতে পারছেন না আগামী ৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বেইজিং অলিম্পিকে। তার জায়গায় ক্রুজেইরোর ২১ বছর বয়সী মিডফিল্ডার রামিরেসকে নিয়েছেন ব্রাজিলের কোচ ডুঙ্গা।
রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম অনুশীলনে যোগ দিতে গিয়েই দুঃসংবাদটা পেয়েছেন রবিনহো। সোমবার পর্তুগালের আলগার্ভে রিয়ালের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। সেখানেই ডাক্তারি পরীক্ষা ও হালকা অনুশীলনের সময় ধরা পড়ে তার চোট। যে চোটের কারণে শেষ হয়ে গেল তার অলিম্পিকে অংশ নেয়ার স্বপ্ন। রিয়াল জানিয়ে দিয়েছে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত রবিনহোকে তারা ছাড়বে না। ব্রাজিলের ফিজিও লুই আলবার্তো রোজানে অবশ্য অন্য কথা বলছেন। তার দাবী চোট আক্রান্ত হলেও অলিম্পিক শুরু হওয়ার আগেই সেরে উঠতে পারতেন তিনি।
আকস্মিকভাবে এমন দুঃসংবাদ পেয়ে স্বাভাবিকভাবেই রবিনহো ভীষণ হতাশ, বিষন্ন। খবরটা পাওয়ার পর দেয়া প্রতিক্রিয়ায় ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের মন্তব্য, "দুঃখজনকভাবে গেমসে (অলিম্পিকে) ব্রাজিলের সঙ্গে আমি যেতে পারছি না। তবে এটা রিয়াল মাদ্রিদের সিদ্ধান্ত আর আমি এটাকে সম্মান করি।" রবিনহোর এজেন্ট ওয়াগনার রিবেইরোও জানিয়েছেন তার বিষন্নতার কথা, "এমনিতে তিনি খুবই সুখী মানুষ। তার মাকে অপহরণ করার সময়ে তাকে এমন বিষন্ন দেখেছিলাম আমি।" ২০০৪ সালে ব্রাজিলে অপহৃত হয়েছিলেন রবিনহোর মা। পরে অবশ্য অক্ষত অবস্থায় ছাড়া পান তিনি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অবশ্য এজন্য রিয়াল মাদ্রিদকে দোষ দিচ্ছে। সিবিএফ-এর মতে রিয়ালের সিদ্ধান্তটা 'এক জন ব্যক্তি, ফুটবল এবং ব্রাজিলের সমর্থকদের জন্য অসম্মানজনক'। গত বছর কোপা আমেরিকার সময় স্প্যানিশ চ্যাম্পিয়নদের রবিনহোকে দেরিতে ছাড়ার অনুমতি দিয়েছিল সিবিএফ। এবার তারা আশা করেছিল সেই উপকারের প্রতিদান দেবে রিয়াল। তা তো হয়ই নি, উল্টো স্প্যানিশ 'জায়ান্ট' ক্লাবটির কাছ থেকে রবিনহোকে না পাওয়ার দুঃসংবাদ পেয়ে ব্রাজিলের ফুটবল কর্মকর্তারা একেবারে হতভম্ব!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৫২ঘ.
bdnews24