২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও বিদেশী বলতে সেই আফ্রিকানরাই

স্থানীয় ফুটবলারদের নিশ্চিত করার পর বি. লিগের ক্লাবগুলোতে এখন বিদেশী ফুটবলার আনার ধুম পড়েছে। বিদেশী মানে বরাবরের মতোই সেই আফ্রিকান ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- স্থানীয় ফুটবলারদের নিশ্চিত করার পর বি. লিগের ক্লাবগুলোতে এখন বিদেশী ফুটবলার আনার ধুম পড়েছে। বিদেশী মানে বরাবরের মতোই সেই আফ্রিকান ফুটবলাররা। গত চার-পাঁচ বছরের ঢাকার ফুটবলের স্মৃতি ঘাটলে বিশেষভাবে কোনো বিদেশীর নাম মনে পড়বে না। বিদেশী হয়ে যারা আসেন তাদের সঙ্গে দেশীদের এমনকিছু পার্থক্য নেই। নেই পায়ের কাজ, নেই অসাধারণ কিছু করার ক্ষমতা, তারপরও আফ্রিকান ফুটবলাররা এদেশে এসে সাধারণ মানের ফুটবল এবং শক্তির প্রদর্শনী দেখিয়ে চলে যায়। তাতেই মোহিত হয়ে ঢাকার ক্লাবকর্মকর্তারা বারবার ছোটেন এসব শক্তিধর (!) ফুটবলারের পেছনে। ক্লাব কর্মকর্তাদের দিক থেকে অবশ্য মোহিত না হয়ে উপায় নেই। কারণ আগের মতো ইরাক-ইরান কিংবা রুশ ফুটবলারদের আনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। তাই দামে কম কিন্তু শক্তি বেশি--- এমন বাজারি ধারানাই মুখ্য হয়ে গেছে আফ্রিকান ফুটবলারদের দরদামে। যেমন মোহামেডান এবারও ঘোষণা দিয়েছে মাঠে খেলা দেখেই নিশ্চিত করা হবে নাইজেরিয়ানদের। চার নাইজেরিয়ান ও এক মিশরীয় ফুটবলারের সঙ্গে তাদের কথা হয়েছে বলে দাবি করে মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেছেন, "চার নাইজেরিয়ানের মধ্যে দুজন কলকাতায় এসেছে, রোববারে তারা ঢাকায় আসতে পারে। আর মিশরের অ্যটাকিং মিডফিল্ডার হাজেম খালেদ মাহমুদ আসতে পারে আগামী মঙ্গলবার। তবে এলেই তাদের নেওয়া হবে, এমন নয়। প্র্যাকটিস দেখে ভাল লাগলে চুক্তি করা হবে।" চার নাইজেরিয়ান হলেন রর্বাতো, সোলেমান, বোকোলা ও ইমানুয়েল। বি. লিগ আবাহনীও পিছিয়ে নেই। এখনই তাদের প্র্যাকটিস ক্যাম্পে আছে তিন ঘানাইয়ান ইব্রাহিম, সামাদ ইউসেফ ও চার্লস ঘানশা। প্রথম বি. লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য স্ট্রাইকার ইব্রাহিম। গতমাসে এএফসি প্রেসিডেন্টস কাপ থেকে তাদের সঙ্গী হয়েছেন ইউসেফ, যদিও এই স্টপারের খেলা নিয়ে দলে অসন্তোষ আছে। আর ঘানশা কয়েকদিন মুক্তিযোদ্ধার সঙ্গে অনুশীলন করলেও এখন তিনি আবাহনীতে। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু দিয়েছেন আরেকজন স্ট্রাইকারের খবর, "ঘানার একজন স্ট্রাইকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে তার আগের ক্লাবের ছাড়পত্র আমরা হাতে পেলে তাকে আগামী সপ্তাহে আসতে বলবো। এর আগে বিমানভাড়া দিয়ে অনেক ফুটবলারকে এনে ছাড়পত্র না আসায় খেলাতে পারিনি।" তবে এই স্ট্রাইকারের নাম গোপন রেখে রূপু "ভাল মানের" বলে গ্যারান্টি দিয়েছেন। ওদিকে শেখ রাসেল মরোক্কো-নির্ভরশীলতা ধরে রেখেছে এবারো। তবে ইগির মোহাম্মদ, তোয়াতে ইউনেস ও বুরদ্বীপের মধ্যে প্রথম দুজনের দিকে ঝোঁক কম তাদের। শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী জানিয়েছেন, "ইগির মোহাম্মদকে আমরা নিচ্ছি না, ইউনেসেরও একটা ইনজুরি সমস্যা আছে। তাই বুরদ্বীপের সঙ্গে মরোক্কো থেকে একজন মিডফিল্ডার ও একজন স্ট্রাইকার আনার চিন্তা করছি।" শেখ রাসেলের মনোভাব বুঝে ইগির মোহাম্মদ এখন যোগাযোগ করছেন মুক্তিযোদ্ধার সঙ্গে। মুক্তিযোদ্ধার অধিনায়ক ফিরোজ মাহমুদ টিটু জানিয়েছেন, "ইগিরের মুক্তিযোদ্ধার হয়ে ফেডারেশন কাপ খেলা নিশ্চিত, এক সপ্তাহের মধ্যেই সে চলে আসবে। নাইজেরিয়ার মাইকেল ও ভিক্টর আমাদের সঙ্গে প্র্যাকটিস করছে, তবে খেলবে মাইকেল।" ব্রাদার্স ইউনিয়ন অবশ্য কোনো বিদেশী ছাড়াই খেলতে পারে ফেডারেশন কাপে। ম্যানেজার আমের খান বলেছেন, "আমাদের প্রত্যেকটা পজিশনে দুজন করে ফুটবলার আছে। তারপরও জুনিয়রের সঙ্গে যোগাযোগ করেছি, তবে তার ফেডারেশন কাপে খেলার সম্ভাবনা কম।" গত বি. লিগে সর্বোচ্চ ১৬ গোলের মালিক এই নাইজেরিয়ান এখন ফিনল্যান্ডে খেলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.