মাদ্রিদ, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিক ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখার জন্য লিওনেল মেসিকে ভীষণ দরকার আর্জেন্টিনার, অথচ বাধা হয়ে দাঁড়িয়েছিল বার্সেলোনা। কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার হস্তক্ষেপে দূর হয়ে গেছে সেই বাধা। তার মানে অলিম্পিকে অংশ নিতে বেইজিং যাচ্ছেন ঠিকই মেসি।
মেসিকে নিয়ে টানা-হ্যাঁচড়ার শুরুতেই বার্সেলোনা পরিষ্কার জানিয়ে দেয়০ অলিম্পিকের জন্য আর্জেন্টাইন ফুটবল তারকাকে কিছুতেই ছাড়বে না তারা। তাকে ধরে রাখতে প্রয়োজনে ফিফার দ্বারস্থ হতেও দ্বিধা করবে না বলেও হুমকি দেয় স্প্যানিশ ক্লাব ফুটবলের অন্যতম পরাশক্তি 'বার্সা'।
অথচ ফিফার নিয়মানুযায়ী অলিম্পিকের জন্য ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের ছেড়ে দিতে সংশ্লিষ্ট ক্লাব বাধ্য। মেসির বয়স যেহেতু ২১ বছর তাই তার অলিম্পিক ফুটবলে অংশ নেয়ার পথে বাধা হওয়ার কোনো এখতিয়ার নেই বার্সেলোনার। কিন্তু ফিফার এই নিয়ম মানতে চায়নি বার্সা। অলিম্পিক ফুটবল অনুষ্ঠিত হবে ৬ থেকে ২৩ আগস্ট পর্যন্ত। গত মৌসুমে স্প্যানিশ লিগে তৃতীয় হওয়ায় তখন চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব খেলতে হবে বার্সেলোনাকে। তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডের দুই লেগের ম্যাচ দুটো তারা খেলবে ১২ বা ১৩ এবং ২৬ বা ২৭ আগস্ট। আর তাই মেসিকে অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলার অনুমতি দিতে রাজি হয়নি 'বার্সা'।
বৃহস্পতিবার স্প্যানিশ মিডিয়ার সামনে সে কথা পরিষ্কারভাবে জানিয়ে দেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর জিকি বেগিরিস্তেইন, "মেসিকে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলানোর জন্য আমরা যথাসাধ্য লড়াই করবো, কারণ, তার আমাদের সঙ্গেই থাকা উচিৎ। এটা নিয়ে আমরা জোর প্রয়োগ চালিয়ে যাবোই।"
ওদিকে প্রাক-মৌসুম প্রশিক্ষণে যোগ দেয়ার জন্য এ মুহুর্তে বার্সেলোনায় ফিরে গেলেও মেসি জানিয়ে দেন তিনি অলিম্পিকে খেলতেই আগ্রহী। শেষ পর্যন্ত ফিফার নিয়ম অনুযায়ী আর্জেন্টিনারই জয় হয়েছে। ফিফা'র নির্দেশ মেনে দলের অপরিহার্য খেলোয়াড়টিকে ছাড়তেই হচ্ছে বার্সার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৯৫৮ ঘ.
bdnews24