২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানেই যাচ্ছেন রোনালদিনহো

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইতালি পাড়ি জমাচ্ছেন রোনালদিনহো। বার্সেলোনার হয়ে স্প্যানিশ প্রিমেরা লিগায় তার আর খেলা হবে না এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। স্পেন ছেড়ে ইতালি, নাকি ইংল্যান্ড ; অর্থাৎ এসি মিলান না ম্যানচেস্টার সিটিতে যাবেন -- ঝুলে ছিল শুধু সেই ব্যাপারটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

মিলান, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইতালি পাড়ি জমাচ্ছেন রোনালদিনহো। বার্সেলোনার হয়ে স্প্যানিশ প্রিমেরা লিগায় তার আর খেলা হবে না এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। স্পেন ছেড়ে ইতালি, নাকি ইংল্যান্ড ; অর্থাৎ এসি মিলান না ম্যানচেস্টার সিটিতে যাবেন -- ঝুলে ছিল শুধু সেই ব্যাপারটা। মঙ্গলবার বার্সেলোনা তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ৫ বছর পর ন্যু ক্যাম্প ছেড়ে মিলানেই যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার, " রোনালদিনহোর ক্লাব বদলের বিষয়ে এসি মিলান আর বার্সেলোনার মধ্যে নীতিগতভাবে একটা চুক্তি হয়েছে। খেলোয়াড়টি (রোনালদিনহো) আগামীকাল (বুধবার) স্বাস্থ্য পরীক্ষা আর চুক্তিতে সাক্ষর করার জন্য মিলানে যাবেন। চুক্তি অনুযায়ী তিনি ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত মিলানেই থাকবেন।" এক বছর ধরে খুব খারাপ সময় যাচ্ছে ২০০৪ ও ২০০৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো ডি অ্যাসিস মোরেইরার, আন্তর্জাতিক ফুটবলে সবাই যাকে রোনালদিনহো নামেই চেনেন। ফিটনেস আর ফর্মের সমস্যার জন্য এক বছরে ব্রাজিলের হয়ে একেবারেই খেলা হয়নি, বার্সেলোনার হয়েও মাঠে নামার সুযোগ হয়েছে হাতেগোনা ম্যাচে। এ অবস্থায় যা হয়, তা-ই হলো তার নিয়তি। তাদের একবার চ্যাম্পিয়ন্স লিগ (২০০৬) আর দুবার প্রিমেরা লিগা জেতানো (২০০৫ ও ২০০৬) প্লে-মেকারটির ঠিকানা বদলানোর জন্য বার্সেলোনাও যেন অস্থির হয়ে পড়ে। সে অবস্থাতেই এগিয়ে আসে এসি মিলান আর ম্যানচেস্টার সিটি। টাকার হিসেবে ম্যানচেস্টারে যাওয়াটাই স্বাভাবিক হতো, কিন্তু রোনালদিনহো যাচ্ছেন মিলানে। বার্সার ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী ২১ মিলিয়ন ইউরো, অর্থাৎ ৩ কোটি ৩৫ লক্ষ ডলারের চুক্তি হয়েছে বার্সেলোনা আর এসি মিলানের মধ্যে। আগামী বছর মিলান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করলে সঙ্গে যোগ হবে আরো ৪ লক্ষ ডলার। তবে সব মিলিয়ে যা হবে তার চেয়েও বড় অঙ্কের (৩২ মিলিয়ন ইউরো) অফার র্ছিল ম্যানচেস্টার সিটির। তারপরও এসি মিলানে কেন যাচ্ছেন রোনালদিনহো? বার্সার ক্রীড়া পরিচালক জানালেন মিলান-প্রীতির জন্য রোনালদিনহো নিজেই নাকি আর্থিক ক্ষতি মেনে নেয়ার পক্ষে রায় দিয়েছেন, " কোথায় যাবেন এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট খেলোয়াড় নিজেই নিয়েছেন। তিনি মিলানেই যেতে চেয়েছিলেন।" নিজের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে রোনালদিনহো আরো ছাড় দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। চুক্তিটা নিশ্চিত করতে মোট ফি'র শতকরা ১৫ ভাগ ছেড়ে দিতেও রাজি হয়ে গেছেন ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো এই মিডফিল্ডার। এসি মিলানে যেতে পারছেন বলে এখন হয়তো কিছুটা স্বস্তিতে আছেন রোনালদিনহো। নতুন ঠিকানায় দুঃসময় কেটে যাবে এমন আশা তিনি করতেই পারেন। তবে শুরুতে একেবারে নিরবচ্ছিন্ন সুখ তাকে বরণ করবে সে সম্ভাবনা আপাতত কম। বরং অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মিলানে যাবার পরপরই নতুন ঝামেলায় জড়াতে হবে তাকে। বেইজিং অলিম্পিকের ব্রাজিল দলে তাকে রাখা হয়েছে। বার্সেলোনা পরিস্কার বলে দিয়েছিল, রোনালদিনহোকে তারা এখন ব্রাজিলের হয়ে খেলতে দেবেন না। এসি মিলানও হয়তো একই কথা বলবে, কেননা, তারা ইতিমধ্যে দলের আরেক ব্রাজিলিয়ান কাকা'র অলিম্পিক অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওদিকে রোনালদিনহো কিন্তু ব্রাজিলের অলিম্পিক ফুটবল ব্যর্থতা ঘোচানোর অভিযানে শরিক হতে খুব আগ্রহী। সুতরাং এ নিয়ে নতুন ক্লাবে তার শুরুর দিনগুলো তিক্ততায় ভরে উঠতেই পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪২৪ ঘ.