২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে ব্যর্থতার জন্য খেলোয়াড়রাই দায়ী

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খেলোয়াড়দের আন্তরিকতার অভাব এবং দলীয় কোন্দল। ২৮ দিনের তদন্ত শেষে তিন সদস্যের কমিটির পেশ করা রিপোর্টে এই কারণের কথাই উঠে এসেছে সবচেয়ে বড় কারণ হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খেলোয়াড়দের আন্তরিকতার অভাব এবং দলীয় কোন্দল। ২৮ দিনের তদন্ত শেষে তিন সদস্যের কমিটির পেশ করা রিপোর্টে এই কারণের কথাই উঠে এসেছে সবচেয়ে বড় কারণ হিসেবে। গত জুনে কলম্বোয় অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চরম ভরাডুবির পর ১৮ জুন হারুনুর রশিদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি মঙ্গলবার যে রিপোর্ট দিয়েছে তাতে ব্যর্থতার জন্য খোলোয়াড়দের দায়ী করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য বলেছেন, "এই টুর্নামেন্টে খেলোয়াড়রা আন্তরিক ছিল না, ঐক্যবদ্ধও ছিল না। খেলোয়াড়দের মধ্যে কোন্দল, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব এবং অধিনায়কত্ব নিয়ে অসন্তোষের কারণে পুরো দল কখনো ঐকবদ্ধ হয়ে হয়ে জয়ের জন্য খেলতে পারেনি। এই একটা সমস্যার কথা বিশেষভাবে উঠে এসেছে তদন্তে।" গত ২৮ দিনে কমিটি কোচ আবু ইউসুফ, অধিানয়ক আমিনুল হক, ম্যানেজার শেখ মোহাম্মদ আসলামসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। এসব বিবেচনায় নিয়ে কমিটি আট পাতার এক তদন্ত রিপোর্ট তৈরি করেছে। কোচ তার কাজের স্বাধীনতা হরণের অভিযোগ তুললেও তার প্রমাণ মেলেনি। তবে রিপোর্টে কোচ নিয়োগ, কোচকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং ম্যানেজার নিয়োগের ব্যাপারে দূরদৃষ্টিসম্পন্ন হওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। কমিটি মঙ্গলবার এই রিপোর্ট বাফুফে সভাপতির কাছে জমা দিলেও এখনো তিনি পড়ে দেখেননি। সভাপতি অবশ্য আগেই ঘোষণা দিয়েছিলেন এই রিপোর্ট মিডিয়াতে প্রকাশ করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.