ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জরুরি কমিটির প্রথম সভাতেই ৭টি স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী লিগ কমিটি নিয়ে প্রথম দিনেই শুরু হয়ে গেছে বিতর্ক।
বি. লিগ ছাড়া ঢাকার অন্যান্য লিগগুলো দেখাশুনার দায়িত্ব ঢাকা মহানগরী লিগ কমিটির। কিন্তু এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাফুফে সহ-সভাপতি মনজুর হোসেন মালুকে, যার বিরুদ্ধে রয়েছে পাতানো খেলার জোরালো অভিযোগ। নিজের ক্লাব ইয়ংমেন্সকে গত বছর সিনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন করাতে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মালু প্রভাব খাটিয়েছেন এবং পাতানো খেলার আশ্রয় নিয়েছিলেন এমন খবর ফুটবলাঙ্গনে মোটামুটি প্রতিষ্ঠিত। মালু অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন।
এবার লিগ কমিটির দায়িত্ব নেওয়ার জন্য শুরু থেকেই মরিয়া ছিলেন তিনি। আগামী বাফুফে নির্বাচনে ক্লাবগুলোর ভোট নিশ্চিত করার জন্য নাকি লিগ কমিটির চেয়ারম্যান পদটা কাজে লাগবে। সেটাই তাকে দেওয়া হয়, আর কমিটির ডেপুটি চেয়ারম্যান করা হয় শওকত আলী খান জাহাঙ্গীরকে। এই দুজনের নাম আগেই ঘোষণা করে তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল পুরো কমিটি করার। কিন্তু জাহাঙ্গীরের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করেই মালু ৯ সদস্যের লিগ কমিটি গঠন করে ফেলেন। আর সেটা নিয়েই বেশ উত্তপ্ত হয়ে ওঠে বুধবারের সভা । তারপরও সেই কমিটি বহাল রাখা হয়।
এছাড়া মেজবাহ উদ্দিনকে চেয়ারম্যান ও মাহফুজুর রহমান সিদ্দিকীকে ডেপুটি চেয়ারম্যান করে ৫ সদস্যের ডিসিপ্লিনারি কমিটি, আনোয়ারুল হক হেলালকে চেয়ারম্যান ও গোলাম রব্বানী হেলালকে ডেপুটি করে ৫ সদস্যের ফিনান্স কমিটি এবং আখতার হোসেন খানকে চেয়ারম্যান ও আব্দুর রহিমকে ডেপুটি করে ৫ সদস্যের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি গঠন করা হয়েছে। আরো তিনটি কমিটি হচ্ছে রেফারিজ কমিটি, ফুটসাল কমিটি ও মেডিকেল কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.
bdnews24