রিও ডি জেনিরো, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক দিন ধরেই দুঃসময়ের সঙ্গে তার বসবাস। ফিটনেস সমস্যা ও খারাপ ফর্মের জন্য এ বছর জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি, বার্সেলোনার জার্সি গায়েও মাঠে নামার সুযোগ পেয়েছেন কমই। এমন দুঃসময়ে একটা সুখবর পেলেন রোনালদিনিয়ো। আগামী মাসে অনুষ্ঠেয় বেইজিং অলিম্পিকে ব্রাজিল দলে রাখা হয়েছে তাকে।
অলিম্পিক ফুটবলে একটি দেশের অনূর্ধ্ব-২৩ দল অংশ নিলেও ২৩ বছরের বেশি বয়সী তিন জনকে রাখার নিয়ম আছে। সেই নিয়মেই দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনিয়োকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ ডুঙ্গা। একই নিয়মে সুযোগ পেয়েছেন রবিনিয়ো ও ডিয়েগোও। কিন্তু কাকাকে রাখতে পারেনি ডুঙ্গা। কারণ এসি মিলান গত বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে ছাড়তে রাজি হয়নি।
বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ বার চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে কখনো সোনা জিততে পারেনি ব্রাজিল। অলিম্পিক ফুটবলে তাদের সেরা সাফল্য ১৯৮৪ ও '৮৮তে রূপা জয়। এবারের অলিম্পিকে প্রথম রাউন্ডে ব্রাজিলের গ্র"প-সঙ্গী স্বাগতিক চীন, বেলজিয়াম ও নিউজিল্যান্ড।
ব্রাজিল দল :
গোলকিপার : ডিয়েগো আলভেস, রেনান।
ডিফেন্ডার : মার্সেলো, ইলসিনিয়ো, রাফিনহা, থিয়াগো সিলভা, অ্যালেক্স সিলভা, ব্রেনো।
মিডফিল্ডার : লুকাস, অ্যান্ডারসন, হার্নানেস, রোনালদিনিয়ো, ডিয়েগো, থিয়াগো নেভেস।
ফরোয়ার্ড : রবিনিয়ো, আলেকজান্দ্রে পাতো, রাফায়েল সোবিস, জো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫০ঘ.
bdnews24