২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিসেও নেমে পড়েছে মুক্তিযোদ্ধা!

শেষমুহূর্তে দল গড়ার পর মুক্তিযোদ্ধা প্র্যাকটিসেও নেমে পড়েছে! ফুটবল-অঙ্গনের জন্য এটা একাধারে আনন্দের এবং বিস্ময়ের এক খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শেষমুহূর্তে দল গড়ার পর মুক্তিযোদ্ধা প্র্যাকটিসেও নেমে পড়েছে! ফুটবল-অঙ্গনের জন্য এটা একাধারে আনন্দের এবং বিস্ময়ের এক খবর। উত্তরা পুলিশ লাইন মাঠে মঙ্গলবার প্রথমদিনের প্র্যাকটিস শেষে টিটু বলেছেন, "আমরা আজ থেকে প্র্যাকটিস শুরু করেছি। গত কয়েক মাসে মুক্তিযোদ্ধার অবস্থার কথা ভাবলে আমার কাছে প্র্যাকটিসের ব্যাপারটা অলৌকিক মনে হয়।" কদিন আগেও মুক্তিযোদ্ধার অর্থাভাব ও সাংগঠনিক দৈন্যতার খবর চাউড় হয়ে গিয়েছিল ক্রীড়াঙ্গনে। সবসময়ের শিরোপা-প্রত্যাশীরা এবার দল গঠন করবে না বলেও রটনা ছিল। কিন্তু একেবারে শেষদিনে দলবদলের জন্য বাফুফে ভবনে হাজির হয়ে মুক্তিযোদ্ধা এই রটনাকে সত্যি হতে দেয়নি। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ফিরোজ মাহমুদ টিটুর নেতৃত্বে একদল ফুটবলার নিজেদের চাহিদার কথা ভুলে গিয়ে মুক্তিযোদ্ধায় খাতায় নাম লিখিয়ে সব অনিশ্চয়তা মুছে দিয়েছেন। কিন্তু ওই আর্থিক ক্ষতির আশংকা দেখে মুক্তিযোদ্ধা ছেড়ে আমিনুল, রজনী, হাসান আল মামুন, মতিউর মুন্না, আরমান আজিজ আগেই গিয়ে উছেছেন নতুন ঠিকানায়। "দল ছেড়ে যাওয়ার অধিকার সবার আছে, পছন্দ-অপছন্দ ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু দলের এই দুরাবস্থার কথা জেনেও যারা রয়ে গেছেন এবং যারা অন্য দল থেকে এসেছেন তারাই হচ্ছে এই দলের মূল অনুপ্রেরণা। আমরা মনে করি এই ক্লাব ফুটবলারদের অনেক দিয়েছে, তার বিনিময়ে কিছু ফিরিয়ে দায় অনুভব করছি আমরা"--- বলেছেন দলের অধিনায়ক। এখন অবশ্য আর্থিক সংকট কাটানোর উদ্যোগ নিচ্ছেন মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী। টিটু বলেছেন, "মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড থেকে আমিন আহমেদ চৌধুরীকেই দায়িত্ব দেওয়া হয়েছে, এখন তিনি বেশ সক্রিয় হয়েছেন। আমরা আশা করি আর্থিক সংকট আর বেশিদিন থাকবে না। অন্যান্য দলগুলো থেকে আমরাই বেশি সচ্ছল হয়ে যেতে পারি এবং কয়েকজন ভাল বিদেশী যোগ করতে পারলে মুক্তিযোদ্ধা ভাল দলে পরিণত হবে।" প্রথম দিনের প্র্যাকটিসে দেখা গেছে তিন বিদেশীকে--- ঘানাইয়ান সেন্টার ব্যাক চার্লস ঘানশা, দুই ডিফেন্ডার ভিক্টর ও মাইকেলকে। নতুন কোচ আসগর আলী নাসিরের কোচিংয়ে তাদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম বি. লিগে সাদামাটা খুলনা আবাহনীকে দিয়েই এই কোচ চমক দেখিয়েছিলেন। এবার মুক্তিযোদ্ধাকে নিয়েও নাসিরের বড় প্রত্যাশা আছে, "আর্থিক সংকটের কারণে নামী-দামী ফুটবলারদের ধরে রাখতে না পারলেও বি. লিগের আগে মুক্তিযোদ্ধা ভাল একটি দলে পরিণত হবে। এবং ছন্দময় ফুটবল উপহার দেবে বলে আমি আশা রাখি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.