২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদারারকে হারিয়ে উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

টেনিসে রোববার ছিল রাফায়েল নাদালের ইতিহাস ভাঙ্গা-গড়ার দিন। 'শুধু ক্লে কোর্টের রাজা' -- এ অপবাদ ঘোচাবার দিনও। আর র‌্যাঙ্কিংয়ের বিশ্বসেরা রজার ফেদারারের জন্য? সর্বকালের সেরা হওয়ার পথে আরেক ধাপ এগুনোর সুযোগ হাতছাড়া করার দিন। রাফায়েল নাদাল তাকে ৬-৪, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৭ (৮-১০), ৯-৭ গেমে হারিয়েই জিতে নিয়েছেন উইম্বলডন ২০০৮-এর পুরুষ এককের শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

লন্ডন, ৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- টেনিসে রোববার ছিল রাফায়েল নাদালের ইতিহাস ভাঙ্গা-গড়ার দিন। 'শুধু ক্লে কোর্টের রাজা' -- এ অপবাদ ঘোচাবার দিনও। আর র‌্যাঙ্কিংয়ের বিশ্বসেরা রজার ফেদারারের জন্য? সর্বকালের সেরা হওয়ার পথে আরেক ধাপ এগুনোর সুযোগ হাতছাড়া করার দিন। রাফায়েল নাদাল তাকে ৬-৪, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৭ (৮-১০), ৯-৭ গেমে হারিয়েই জিতে নিয়েছেন উইম্বলডন ২০০৮-এর পুরুষ এককের শিরোপা। ঘাসের কোর্টে টানা ৬৬তম ম্যাচ জিতে আরেকটি রেকর্ডের অংশীদার হতে রোববারের ফাইনালে নাদালের মুখোমুখি হয়েছিলেন সুইজারল্যান্ডের ফেদারার। জিতলেই বিয়র্ন বোর্গকে পেছনে ফেলে উইম্বলডনে টানা ষষ্ঠ শিরোপা জেতা হয়ে যেতো। সুবাদে ছুঁয়ে ফেলতেন ২২৮ বছর আগে অর্থাৎ সেই ১৮৮০ সালে উইলিয়াম রেনশ'র গড়া টানা ছ'বার উইম্বলডন জেতার রেকর্ড। গতবছর এই নাদালকে হারিয়েই বোর্গের টানা পাঁচের রেকর্ড ছুঁয়েছিলেন। আশ্চর্যজনকভাবে ২৭ বছর আগে বোর্গ যেভাবে এক বাঁ-হাতির কাছে হেরে ডাবল হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেছিলেন এবার ফেদারারেরও সেই পরিণতিই হলো। বোর্গ হেরেছিলেন বাঁ হাতি জন ম্যাকেনরোর কাছে আর ফেদারার হারলেন এ সময়ে তার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, বাঁ হাতি রাফায়েল নাদালের কাছে। ঘাসের কোর্টে কাগজে-কলমে ফেবারিট হলেও প্রথম দু' সেটে কিন্তু দাঁড়াতেই পারেননি ফেদারার। ৬-৪, ৬-৪ গেমে প্রথম দুটো সেট জেতার পর তৃতীয়টির টাইব্রেকারেও ম্যাচ পয়েন্টের সুযোগ পেয়েছিলেন তিন তিনবার ফ্রেঞ্চ ওপেন জিতে এ যুগের ' ক্লে কোর্টের রাজা' হিসেবে পরিচিতি পাওয়া নাদাল। কিন্ত দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরে ওই সেট তো বটেই পরে চতুর্থ সেটটিও টাইব্রেকারে জিতে ত্রয়োদশ গ্র্যান্ডস্লাম একক শিরোপাকে দৃষ্টিসীমায় নিয়ে এসেছিলেন ফেদারার। শেষ পর্যন্ত অবশ্য ৪ ঘন্টা ৪৮ মিনিটের লড়াইয়ে নাদালেরই জয় হয়েছে। সেই ১৯৬৬ সালে উইম্বলডনে পুরুষ একক জিতেছিলেন ম্যানুয়েল সান্তানা। তারপর এই প্রথম কোনো স্প্যানিয়ার্ড উইম্বলডন পুরুষ এককে সাফল্য পেলো। রোববার নাদাল আরেকভাবেও ইতিহাসের অংশ হয়েছেন। বিয়র্ন বোর্গের (১৯৮০) পর প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন জেতার কৃতিত্ব দেখালেন তিনি। ফাইনালে হেরে উইম্বলডনের মুকুট আপাতত হারালেও এ ম্যাচে ফেদারার যে সবই হারিয়েছেন তা কিন্তু নয়। এ বছর ফ্রেঞ্চ ওপেন ফাইনালে নাদালের কাছে যেভাবে সরাসরি সেটে বিধ্বস্ত হয়েছিলেন সেই দুঃস্মৃতি দূরে সরানোর মতো একটা ম্যাচ যে খেললেন সেটাই বা কম কিসে! উইম্বলডন ইতিহাসের দীর্ঘতম ফাইনালে তিনিও জিতে যেতে পারতেন। প্রথম সেটে বলতে গেলে পাত্তাই পাননি। পরের সেট শুরুর একটু পরই নামে বৃষ্টি। খেলা আবার শুরু হওয়ার পর ফেদারারকে দেখা গেল বিধ্বংসী রূপে। এক পর্যায়ে ১-১ সেটে সমতা ফেরাটাকেই মনে হচ্ছিল অনিবার্য। ১-৪-এ পিছিয়ে পড়া নাদালের তো উড়েই যাওয়ার কথা, অথচ ২২ বছর বয়সী স্প্যানিয়ার্ড এরপর আর কোনো গেমই জিততে দেননি সুইস তারকাকে! তারপরও বৃষ্টি নেমেছে দু'দফা। তাতে খেলার আকর্ষণ বা উত্তেজনা কিছু কমেনি, বরং বেড়েছে। তৃতীয় সেটে যখন ৩-৩ সমতা তখনো ফেদারারের গেমে ৪০-০ পয়েন্টে এগিয়ে সার্ভ ব্রেক করা এবং সেই সুবাদে সরাসরি সেটে ফাইনাল জেতারও আশা জাগিয়েছিলেন নাদাল। লড়াকু ফেদারারের অসাধারন কামব্যাকে সে আশা ভস্ম হয়, টাইব্রেকারে গড়ানোর পর ওই সেট হেরেই যান। চতুর্থ সেটের টাইব্রেকারেও জয়ের কাছাকাছি চলে গিয়েছিলেন এই নিয়ে টানা তৃতীয়বার উইম্বলডন ফাইনালে ওঠা নাদাল। ৫-২-এ এগিয়ে গিয়েছিলেন টাইব্রেকারে। তারপরও তাকে হার মানতে হয়েছে ফেদারারের আত্মবিশ্বাস আর ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য প্রাণশক্তির কাছে। এভাবে বারবার ফিরে আসায় চূড়ান্ত সেটেও ফেদারারকেই মনে হচ্ছিল ফেবারিট। শুরুতে বেশ ক্লান্তও দেখাচ্ছিল বয়সে তার চেয়ে ৫ বছরের ছোট প্রতিপক্ষকে। তারপরও দু'জনই সার্ভ ধরে রাখায় সেট গড়ায় ৭-৭ গেম পর্যন্ত। এরপরই ফেদেরারের সার্ভ ব্রেক করে ৮-৭ এগিয়ে যান নাদাল। পরের গেমে সামান্য নাটকীয়তার পর ঠিকই নিজের গেম জিতে ৯-৭ এ সেট জিতে হয়ে যান উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন। ম্যাচ শেষে অবিশ্বাস্য এই জয়ে বিস্ময় প্রকাশ করেছেন নাদাল নিজেই। বলেছেন, " (জয় নিশ্চিত হওয়ার মুহুর্তে) অনুভূতিটা কেমন ছিল তা বলে বোঝানো অসম্ভব। এটা আমার ফেবারিট টুর্নামেন্ট। আজ আমার স্বপ্ন পূরণ হলো।" পাশাপাশি উইম্বলডন না জিতলেও ফেদারার যে এখনো বিশ্বসেরা সে কথাও বলতে ভোলেননি। অন্যদিকে ফেদারার পিট সা