লন্ডন, ৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এর আগে উইম্বলডনে চার বার চ্যাম্পিয়ন হলেও ফাইনালে ছোট বোনের বিপক্ষে জিততে পারেননি ভেনাস উইলিয়ামস। ২০০২ ও '০৩ সালে ফাইনালে বড় বোনকে হারিয়েই টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা। এবার ঐ দুটো পরাজয়ের প্রতিশোধ নেয়ার পাশাপাশি পঞ্চম শিরোপা জয়ের উৎসবে মেতে উঠলেন ভেনাস। শনিবার উইম্বলডনের মহিলা এককের ফাইনালে সেরেনাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা অক্ষুন্নও রাখলেন তিনি।
সেন্টার কোর্টে অনুষ্ঠিত ফাইনালে সরাসরি সেটে জিতলেও জয়টা সহজে ধরা দেয়নি ভেনাসকে। ১ ঘন্টা ৫১ মিনিট তীব্র লড়াই করেই জয় নিশ্চিত করতে হয়েছে তাকে। উইম্বলডনে পঞ্চম ও ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি। উইম্বলডনে মেয়েদের মধ্যে সবচেয়ে জোরালো সার্ভের রেকর্ড এই ম্যাচেই গড়েছেন ভেনাস। বুলেটের মতো সেই সার্ভটি ছিল ঘন্টায় ১২৯ মাইল (২০৮ কিলোমিটার) গতির!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫২ঘ.
bdnews24