২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনিক্যাল ডিরেক্টর চাইছে বাফুফে

টেকনিক্যাল ডিরেক্টরের খোঁজে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি সেক্রেটারিকে ভাল একজন টেকনিক্যাল ডিরেক্টর যোগাড় করে দিতে অনুরোধ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 06:24 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- টেকনিক্যাল ডিরেক্টরের খোঁজে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি সেক্রেটারিকে ভাল একজন টেকনিক্যাল ডিরেক্টর যোগাড় করে দিতে অনুরোধ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কুয়ালালামপুরে এএফসি অডিট কমিটির সভা শেষে বাফুফে সভাপতি বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করেছেন এএফসি সেক্রেটারি দ্যাতো পলমনির সঙ্গে। এএফসি কর্তা রিচার্ড বেঞ্জ নামে একজন ইংলিশ টেকনিক্যাল ডিরেক্টরের খোঁজ দিয়েছেন। বুধবার দেশে ফিরে বাফুফে সভাপতি বলেছেন, "পলমনি রিচার্ড বেঞ্জের কথা বলেছেন। তিনি যদি বাংলাদেশে কাজ করতে আগ্রহী হন তাহলে আমরা আলোচনা করবো। প্রাথমিকভাবে পলমনি তার সঙ্গে কথা বলবে।" বেঞ্জ হলে হলো, নইলে অন্য কোনো টেকনিক্যাল ডিরেক্টরের খোঁজ করবে বাফুফে। সভাপতি চান দেশের ট্রেনিং ও কোচিং পরিকল্পনার ভার এই টেকনিক্যাল ডিরেক্টরের হাতে দিয়ে দিতে। অবশ্য বাফুফে সভাপতি কয়েকজন ইউরোপীয় কোচ ঠিক করে দেওয়ার জন্য বলেছেন এএফসি সেক্রেটারিকে। এছাড়া এএফসি প্রেসিডেন্ট মোহম্মদ বিন হাম্মামের কাছে ২০০৮ ও '০৯ এর একটি পরিকল্পনা জমা দিয়েছেন। সালাউদ্দিন জানিয়েছেন,"এই দুই বছর আমরা কী কী করবো তার একটা পরিকল্পনা দিয়েছি এএফসিতে। বাফুফেতে যে নতুন কর্মচারী নেওয়া হবে তাদের এএফসিতে পাঠিয়ে ট্রেনিং করানোর ব্যবস্থা করে এসেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫৫ঘ.