ভিয়েনা, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৪৪ বছর বড় দীর্ঘ সময়। ১৯৬৪তে স্পেনের সর্বশেষ ইউরো বিজয়ের সময় ইনিয়েস্তা-জাভি-তরেসদের কারো জন্ম তো হয়ইনি, অনেকের বাবাও তখন ছিলেন নেহাতই নাবালক। কোচ লুই আরাগোনেস সে সময় ২৬ বছরের যুবক। দীর্ঘ দিন ধরে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকার জন্যই বোধহয় রোববার রাতে স্পেনের শিরোপা জয়ী দলটির কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না তাদের অর্জনের কী অপরিসীম মাহাত্ম্য!
"অবশেষে আমরা শিরোপা জিতলাম। এই অর্জন সম্পর্কে আমরা এখনো অবগত কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই। আমার একটা স্বপ্ন পূরণ হলো আজ। জাতীয় দল থেকে অবসরের নেয়ার আগে যে সব অর্জন পূরণ করতে চাই তার একটা বাস্তবায়িতও হলো"--- স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের প্রতিক্রিয়াতেই পরিষ্কার, ইউরোর শিরোপা জয় করে তিনি কতটা আনন্দিত। প্রথম গোলরক্ষক-অধিনায়ক হিসাবে ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা নাকি বিশ্বাসই হচ্ছিল না ক্যাসিয়াসের, "রেফারি শেষ বাঁশি বাজানোর সময় হতবিহ্বল হয়ে পড়েছিলাম। তবে এখন কিছুটা শান্ত মনে হচ্ছে নিজেকে। সমস্ত স্প্যানিশ সমর্থকের জন্য এটা আনন্দের বিশাল এক অনুভূতি। এটা তাদের প্রাপ্য। কারণ কোয়ার্টার ফাইনালে ব্যর্থ হতে, হতে আমরা ক্লান্ত হয়ে পড়ছিলাম।" কথাটা পুরোপুরি ঠিক। এক বার-দু বার নয়, বিশ্বকাপ-ইউরো মিলিয়ে পাঁচ-পাঁচ বার কোয়ার্টার ফাইনালে গিয়ে কাটা পড়েছে স্পেনের অগ্রযাত্রা। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের 'কুফা' তারা কাটিয়েছে এবার, টাইব্রেকারে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে।
ক্যাসিয়াসের মতো তার সতীর্থরাও ফাইনালশেষে হয়ে পড়েছেন আত্মহারা, আবেগাপ্লূত। আন্দ্রেস ইনিয়েস্তার তো প্রতিক্রিয়া জানানোর ভাষাই খুঁজে পাচ্ছিলেন না, "এই টুর্নামেন্টের শিরোপা জয় এক অবিশ্বাস্য অর্জন। এই অর্জন বর্ণনা করার মতো কথা খুঁজে পাচ্ছি না। এর জন্য আমরা অনেক কষ্ট করেছি, লড়াই করেছি। আমরা খেলোয়াড়রা এবং সমর্থকরাও একটা শিরোপার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি। এখন আমাদের আরো বেশি জয়ের চেষ্টা করতে হবে।"
সেস্ক ফ্যাবেগাস অবশ্য সবচেয়ে বেশি খুশি নিন্দুকদের দাঁত-ভাঙ্গা জবাব দিতে পেরে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যারা স্পেনকে পাত্তাই দিতে চায়নি তাদের উদ্দেশ্যে তার বক্তব্য, "আমি জানি না কি করেছি সে সম্পর্কে আমরা এখনো সচেতন কি না! আমরা আমাদের কাজটা করেছি, ভালোভাবে টুর্নামেন্ট জিতেছি এবং যে সব লোক আমাদের ওপরে আস্থা রাখতে পারেনি তাদের ধারণাকে ভুল প্রমাণ করেছি। সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ এখানে পৌঁছাতে তারা দারুণ সাহায্য করেছে আমাদের।"
স্প্যানিশ মিডিয়াও প্রিয় দলের এমন অসাধারণ সাফল্যে আনন্দে আত্মহারা। স্পেনের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রীড়াদৈনিক 'মার্কা' আর 'এএস'-এর প্রথম পৃষ্ঠার শিরোনামের সারমর্ম একই, "আমরাই চ্যাম্পিয়ন।" দেশের প্রধানমন্ত্রী হোসে লুই রড্রিগেজ জাপাতেরো তো আরো এগিয়ে বিশ্বকাপ জয়ের কথাই ভাবছেন, "এটা মাত্র সাফল্যের সূচনা। সেরা ফল এখনো আসেনি। এখন আমাদের বিশ্বকাপ জয়ের কথা ভাবতে হবে।"
সেটা দু বছর পরের কথা। আপাতত ক্যাসিয়াসরা সংবর্ধনা আর ভালোবাসার বন্যায় ভেসে যাওয়ার অপেক্ষায়। সোমবার সন্ধ্যায় মাদ্রিদে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে ইউরো বিজয়ীরা পৌঁছাবে রাজধানীর প্রাণকেন্দ্র প্লাজা ডি কোলনে। সেখানেই হাজার-হাজার মানুষ সংবর্ধনা দেবে জাতীয় বীরদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.
bdnews24