২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর সেরা ফুটবলার স্পেনের জাভি

রোনালদো-বালাকদের মতো তারকাদের পেছনে ফেলে ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারের পুরষ্কার পেলেন স্পেনের মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। দীর্ঘদিন ধরেই বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলছেন তিনি, কিন্তু স্বীকৃতিটা ঠিক মিলছিল না। এবার ইউরো চ্যাম্পিয়নশিপে ছায়া থেকে বেরিয়ে এসে জাভি স্পেনকে শিরোপা এনে দিলেন, নিজে জিতলের শ্রেষ্ঠ ফুটবলারের পুরষ্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ভিয়েনা, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোনালদো-বালাকদের মতো তারকাদের পেছনে ফেলে ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারের পুরষ্কার পেলেন স্পেনের মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। দীর্ঘদিন ধরেই বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলছেন তিনি, কিন্তু স্বীকৃতিটা ঠিক মিলছিল না। এবার ইউরো চ্যাম্পিয়নশিপে ছায়া থেকে বেরিয়ে এসে জাভি স্পেনকে শিরোপা এনে দিলেন, নিজে জিতলের শ্রেষ্ঠ ফুটবলারের পুরষ্কার। শুধু জাভি একাই নন, পুরো স্পেন দলই ছিল এবারের টুর্নামেন্টে দুর্দান্ত। আর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ২৩ জনকে নিয়ে টুর্নামেন্টের যে সেরা দল গড়েছে সেই দলের ৯ জনই স্পেনের। আর উল্লেখ করার মতো তথ্য হলো, এই দলে সুযোগ পাননি এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো! জাভিকে টুর্নামেন্ট সেরা নির্বাচিত করতে পেরে উয়েফাও দারুণ উচ্ছ্বসিত। উয়েফার টেকনিকাল প্রতিনিধির প্রধান অ্যান্ডি রক্সবার্গের মন্তব্যে সেই উচ্ছ্বাসই প্রতিফলিত, "আমরা জাভিকে নির্বাচিত করেছি কারণ আমাদের মনে হয়েছে সে ছিল স্পেনের খেলার ধরণেরই এক ক্ষুদ্র সংস্করণ। স্পেনের এই দলের বল দখল, পাসিং, ভীতি ছড়ানো খেলায় তার বিশাল ভূমিকা ছিল।" আর ইউরো চ্যাম্পিয়নদের প্রশংসা করে রক্সবার্গ বলেছেন, "স্প্যানিশ দলটি অন্যদের অনুকরণ করার চেষ্টা করেনি। তারা নিজেদের দর্শনই বজায় রেখেছে। তারা মারাত্মক চাপের মধ্যেও বল পায়ে রাখতে পেরেছে।" ২৩ জনের দলে স্প্যানিয়ার্ডদের সংখ্যাধিক্যও বিস্মিত করেনি তাকে। বরং জানিয়েছেন, সংখ্যাটা আরো বেশিও হতে পারতো, "তাদের (স্পেনের) অনেক খেলোয়াড়ই ছিল দুর্দান্ত। আমাদের দলের প্রথম মন্তব্যেই শুধু স্পেনের দলটিকে নির্বাচিত করার কথা বলা হয়েছিল। বিন্দু মাত্র দ্বিধা না করে ১৩ বা ১৪ জন স্প্যানিশ খেলোয়াড়কেও আমরা দলে রাখতে পারতাম।" টুর্নামেন্টের সেরা দল : গোলকিপার : ইকার ক্যাসিয়াস (স্পেন), জিয়ানলুইজি বুফন (ইতালি), এডউইন ফন ডার সার (নেদারল্যান্ডস)। ডিফেন্ডার : হোসে বোসিংওয়া (পর্তুগাল), ফিলিপ লাম (জার্মানি), কার্লোস মারচেনা (স্পেন), পেপে (পর্তুগাল), কার্লোস পুয়োল (স্পেন), ইউরি জিরকভ (রাশিয়া)। মিডফিল্ডার : হামিত আলটিনটপ (তুরস্ক), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া), মার্কোস সেনা (স্পেন), জাভি (স্পেন), কনস্টানটিন জিরিয়ানভ (রাশিয়া), মাইকেল বালাক (জার্মানি), সেস্ক ফ্যাব্রেগাস (স্পেন), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), লুকাস পোডলস্কি (জার্মানি), ওয়েসলি স্নাইডার (নেদারল্যান্ডস)। ফরোয়ার্ড : আন্দ্রেই আরশাভিন (রাশিয়া), রোমান পাভলিউচেঙ্কো (রাশিয়া), ফার্নান্দো তরেস (স্পেন), ডেভিড ভিয়া (স্পেন)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.