লন্ডন, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। সোমবার চতুর্থ রাউন্ডে ফেদেরার ৭-৬ (৯/৭), ৬-২, ৬-৪ গেমে লেটন হিউইটকে হারিয়ে টানা ষষ্ঠ শিরোপার পথে আরেকটি বাধা পেরিয়েছেন। 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নাদালের জয়টা এসেছে আরো সহজে। ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী ৬-৩, ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন মিখাইল ইয়ুঝনিকে।
শেষ আট নিশ্চিত করেছেন উইলিয়ামস বোনেরাও। সপ্তম বাছাই ভেনাস ৬-৩, ৬-৪ গেমে আলিসা ক্লাইবানোভা এবং ষষ্ঠ বাছাই সেরেনা ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন বেথানি মাতেককে। পঞ্চম বাছাই এলেনা দেমেন্তিয়েভাও সরাসরি সেটে জিতে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু হেরে গেছেন ইয়েলেনা ইয়ানকোভিচ ও সভেৎলানা কুজনেৎসোভা। তামারিন তানাসুগার্ন দ্বিতীয় বাছাই ইয়ানকোভিচ ও আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা চতুর্থ বাছাই কুজনেৎসোভাকে হারিয়ে জন্ম দিয়েছেন অঘটনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩১০ঘ.
bdnews24