ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বি. লিগের আগে একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল আগে থেকেই। সেটি ফেডারেশন কাপ, যা আগামী ৩১ জুলাই থেকে শুরু হয়ে নতুন ফুটবল মৌসুমের সূচনা করবে।
বৃহস্পতিবার বি. লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ জুন দলবদল শেষ হওয়ার পর কমিটি প্রথম সভায় বসে বি. লিগের দল ও ফেডারেশন কাপ নিয়ে আলোচনা করেছে। প্রথম বি. লিগের আগে ফেডারেশন কাপের প্রতিশ্র"তি দিয়েও আয়োজন করতে পারেনি বাফুফের বিগত কমিটি। এবার তা হচ্ছে, বি. লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী যেভাবে বলেছেন, "বি. লিগের ১১টি দলের সঙ্গে চারটি সার্ভিসেস দলকে নিয়ে শুরু হতে পারে ফেডারেশন কাপ। ৩১ জুলাই থেকে তা শুরু হবে, তবে এখনো টুর্নামেন্টের ফরম্যাট ঠিক হয়নি।"
বি. লিগ কমিটি চারটি সার্ভিসেস দলকে আমন্ত্রণ জানাতে পারে--- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর আগস্টের শেষের দিকে শুরু হবে বি. লিগের দ্বিতীয় আসর। সেখানে ১১টি দলই অংশ নেবে, দিগন্ত প্রসারীর আর কোনো সুযোগ নেই। দলবদলের সময় পেরিয়ে যাওয়ার পর রাজশাহীর এই ক্লাবটি তৎপর হয়ে ওঠে এবং দলগঠনে আগ্রহ প্রকাশ করে লিগ কমিটির কাছে সময় প্রার্থনা করে। কিন্তু তাদের আবেদন মঞ্জুর করেনি কমিটি। "তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে পেশাদার লিগ সম্পর্কে তাদের জ্ঞান কম। তারা বি. লিগ চালানোর মতো আর্থিকভাবেও সচ্ছল নয়"--- বলেছেন কমিটির চেয়ারম্যান।
এছাড়া আগামী মৌসুমে বি. লিগের নীচের স্তরে আরেকটি লিগের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যেখানে বি. লিগের রেলিগেটেড দল খেলবে এবং যেখানকার চ্যাম্পিয়নরা বি. লিগে খেলার সুযোগ পাবে। এ ব্যাপারে লিগ কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল বলেছেন, "আগামী মৌসুমে ১৬ টি দলকে নিয়ে দ্বিতীয় স্তরের লিগটি চালু করা হবে এবং আস্তে আস্তে আট দলে নামিয়ে আনা হবে বি. লিগকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.
bdnews24