ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব লুফে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার বাফুফের সঙ্গে সভায় জাতীয় ক্রীড়া পরিষদ এই প্রস্তাব দিয়েছে।
সভা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আকবর হোসেন জানিয়েছেন, "এনএসসি চেয়ারম্যান চাইছেন সারা দেশকে সম্পৃক্ত করে একটি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে। এই প্রস্তাব বাফুফে গ্রহণ করেছে। আমরা ১০০ তোলা দিয়ে সোনার একটি গোল্ডকাপ তৈরি করে দেবো বলেছি।" অবশ্য এই টুর্নামেন্টের স্পন্সর এবং ফরম্যাট কী হবে তা ঠিক হয়নি। প্রাথমিক আলোচনা অনুযায়ী, উপজেলা পর্যায়ে বাছাইপর্ব হবে তারপর ১২ থেকে ১৬টা দলকে নিয়ে ঢাকায় হবে মূল টুর্নামেন্ট। বাফুফে সহ সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর মনে করেন, "টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবটা খুব ভাল। এখন তাদের সঙ্গে আলোচনা করে সবকিছু ঠিক করা হবে।"
বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে এই সভা। বাফুফের নতুন কমিটির আমন্ত্রণে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও চার পরিচালক উপস্থিত ছিলেন সভায়। মূলত সরকারের সঙ্গে সম্পর্কন্নোয়নের জন্যই এই সভা। গত কমিটির আমলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাফুফের সম্পর্কের টানাপোড়েনের শুরু, যা ফুটবল উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আকবর হোসেন বলেছেন, "তাদের (বাফুফে) সঙ্গে দূরত্ব কমে এসেছে আমাদের। বাফুফে আমাদের সহযোগিতা চাইছে।"
জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এই সভা আয়োজনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে জেলা-উপজেলা ফুটবল চালুর ক্ষেত্রে প্রাশাসনিক সহযোগিতা নিশ্চিত করা। এ ব্যাপারে সচিব প্রতিশ্র"তি দিয়েছেন এভাবে, "ডিএফএ ও ডিএসএ-কে কীভাবে সমন্বয় করা যায় তা দেখতে হবে। আমরা ইতিমধ্যে এক থেকে দুই লাখ টাকা করে পাঠিয়েছি জেলাগুলোতে। ফুটবলকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে তাদের।" আগে ডিএসএ'র (জেলা ক্রীড়া সংস্থা) অধীনে ফুটবল থাকলেও বাফুফের নতুন গঠনতন্ত্র অনুযায়ী ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন)-ই ফুটবল চালাবে। কিন্তু এই পরিবর্তনে সরকারের ঠিক সায় ছিল না বলে তার জের হিসেবে জেলা পর্যায়ে মাঠ পেতে সমস্যা হচ্ছে ডিএফএ-র।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকার চারটি মাঠ সংস্কার করার প্রতিশ্র"তি দিয়েছে বলে জানিয়েছেন বাফুফে সহ সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর। এই মাঠগুলোতে ঢাকার ক্লাবগুলো প্র্যাকটিস করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.
bdnews24