ভিয়েনা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ইন্সব্র"কের সেইদিনটির কথা দু'দলই যেন ভুলে বসে আছে। রাশিয়াকে স্পেনের ৪-১ গোলে বিধ্বস্ত করা সেই ম্যাচ। ইউরো ২০০৮-এর দ্বিতীয় সেমিফাইনালের আগে সেই ম্যাচের কথা তুললে খোদ স্প্যানিয়ার্ডরাই বলছেন, বৃহস্পতিবারের ম্যাচটি হবে একেবারে আলাদা। রাশিয়ার ডাচ কোচ গাস হিডিঙ্কও তা-ই মনে করেন। শুধু হিডিঙ্ক কেন, সুইডেন আর নেদারল্যান্ডসের সঙ্গে তার দল যেমন খেলেছে তাতে রুশদের কাছ থেকে আরেকটি চমক আশা করছেন অনেকেই।
কোচ গাস হিডিঙ্ক বলে রুশ দলের পরিচিতি কাগজে-কলমে 'হিডিঙ্কের দলই' হওয়া উচিত। কিন্তু গ্র"প পর্বে আন্দ্রেই আরশাভিনের প্রায় একক কারিশমায় সুইডেনকে ২-০ আর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারানোর পর থেকে রাশিয়ার অন্য নাম হয়ে গেছে 'আরশাভিনের দল'। হওয়া উচিতও তাই। তার ছোঁয়াতেই প্রাণ ফিরেছে দলে। ইগর বেলানভ, রিনাত দাসায়েভদের দেশ ২০ বছর পর যে আবার ইউরো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে সে তো আরশাভিনেরই কৃতিত্ব। না, এতে করে মিডফিল্ডার কনস্টানটিন জিরিয়ানভ আর ইগর সেমশভ, উইংব্যাক আলেকজান্ডার আনিউকভ এবং ইউরি ঝিরকভ বা স্ট্রাইকার পাভলিউচেঙ্কোর অবদানকে খাটো করা হচ্ছে না। আসলে সবাইকে নিয়ে রাশিয়া যে একটা সমীহ জাগানো দল হয়ে উঠেছে সেটা তো আরশাভিন দু ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পরেই। তাকে পেয়ে রুশ-ফুটবল-বিপ্লবের আসল রোশনাইটা দেখা দিয়েছে বলেই না কোচ হিডিঙ্ক বলতে পারছেন, "কৌশলগত দক্ষতা আর সহজিয়া একটা ঢংয়ে আমরা যেভাবে খেলি তা দেখা সবসময়ই খুব আনন্দের।"
রাশিয়ার এই ফুটবল দেখা আনন্দের শুধু দর্শকদের জন্য, প্রতিপক্ষের জন্য নয়। তাই ১০ জুন ইন্সব্র"কে হয়ে যাওয়া গ্র"প পর্বের বড় জয়টিকে আমলে না নেয়ার কথা শোনা যাচ্ছে স্প্যানিশ মিডফিল্ডার সেস্ক ফাব্রেগাসের মুখেই, "রাশিয়াকে যদি আমরা উদ্বোধনী ম্যাচের সেই দল হিসেবেই ধরে নিই তাহলে সেটা হবে মস্ত বড় ভুল।"
বোঝাই যাচ্ছে বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে স্পেন একটু বেশি সতর্ক। হওয়ার কারণও আছে। রাশিয়াকে হারিয়ে টুর্নামেন্টটা দারুণভাবে শুরু করলেও স্পেন কিন্তু উন্নতির গ্রাফটাকে ঊর্ধমুখী রাখতে পারেনি। রাশিয়ার বেলায় ব্যাপারটা একেবারে উল্টো। গ্র"প পর্বে স্পেনের বিপক্ষে লজ্জাজনক হারের বড় কারণ অবশ্যই তরেস,ডেভিড ভিয়াদের চোখ ধাঁধানো ফুটবল, তবে রুশ রক্ষণভাগের বাজে পারফরম্যান্সের ভূমিকা নেহায়েত কম ছিল না। ওই ম্যাচের পর রাশিয়ার এক পত্রিকাতো খবরের শিরোনামই করেছিল,"ডিফেন্সলেস।"
বৃহস্পতিবারের সেমিফাইনালে অবশ্য রাশিয়ার রক্ষণভাগে সেই ভুত ফিরে আসার আশঙ্কা নেই বললেই চলে। সমস্যা একটু আছে। দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় খেলতে পারছেন না সেন্টারব্যাক ডেনিস কোলোডিন। ও নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন হিডিঙ্ক। ম্যাচের আগে সব চিন্তা যেন স্পেনেরই। অথচ ফিফা র্যাঙ্কিংয়ের ৪ নাম্বার দল স্পেন আর রাশিয়া ২৪ নাম্বার! হিসেবে স্পেনই ফেবারিট। তারপরও সব ভুলে স্প্যানিশ কোচ লুইস আরাগোনেস শুধু বলতে পারছেন, "হিডিঙ্ককে অবাক করা খুবই কঠিন। তবে আমরা সে চেষ্টাই করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২০৩৫ঘ.
bdnews24