২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন জার্মান কোচও

হেরে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই ফাতিহ তেরিমের। তুরস্কের কোচ বরং এবারের ইউরোতে তার দলকে নিয়ে দারুণ গর্বিত। তারপরও অবশ্য ইউরো ২০০৮ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোরই ইঙ্গিত দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

বাসেল, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হেরে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই ফাতিহ তেরিমের। তুরস্কের কোচ বরং এবারের ইউরোতে তার দলকে নিয়ে দারুণ গর্বিত। তারপরও অবশ্য ইউরো ২০০৮ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোরই ইঙ্গিত দিলেন তিনি। সেই ইঙ্গিতে ভালো খেলেও ফাইনালে উঠতে না পারার প্রচ্ছন্ন বেদনা! বৃহস্পতিবার সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তুরস্ক যে অপেক্ষাকৃত ভালো খেলেছে তা নির্দ্বিধায় মেনে নিচ্ছেন জার্মানির কোচ জোয়াকিম লউও। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে জার্মানিকে ফাইনালে নিয়ে যাওয়া ফিলিপ ল্যাম একেবারে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ম্যাচশেষে। এটাকে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল হিসাবে স্বীকৃতি দিচ্ছেন তিনি নির্দ্বিধায়। ম্যাচশেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তেরিমের প্রথম কথাটাই ছিল চমকজাগানো। "খুব সম্ভবত (তুরস্ক ফুটবল) ফেডারেশনের প্রেসিডেন্ট ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পর আমি বলতে চাইবো, 'আমি এই কাজটা করেছি।' তুরস্কে যে আর কাজ করবো না সেই ঘোষণা তো আগেই দিয়েছি। আমি সেই ধরনের মানুষ যে সব সময় প্রতিশ্র"তি রাখে। তাই খুব সম্ভবত ইউরোপের অন্য কোনো দেশে ফিরে যাব আমি "--- পদত্যাগের ইঙ্গিতটা এভাবেই দিলেন এবারের ইউরোতে তুরস্কের সাফল্যের নেপথ্য রূপকার। ইতালির এসি মিলান ও ফিওরেন্টিনা এবং তুরস্কের গ্যালাতাসারাইয়ের সাবেক কোচ তেরিম অবশ্য জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও কিছুটা সময় নেবেন তিনি। সেমিফাইনালে তুরস্কের পারফরম্যান্স নিয়ে কোনো আফসোস নেই তেরিমের মনে। জার্মানিকে অভিনন্দন জানানোর পাশাপাশি দলের খেলা নিয়েও তিনি দারুণ গর্বিত, "জয়ের জন্য আমি জার্মানিকে অভিনন্দন জানাচ্ছি। ফাইনালে তাদের সাফল্যও কামনা করছি। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা কতটা ভালো দল তা সারা পৃথিবীকে দেখাতে পেরেছি। এই ফল আমাদের মেনে নিতেই হবে। কিন্তু আমি মনে করি আমাদের দলই অপেক্ষাকৃত ভালো খেলেছে এই ম্যাচে।" নিষেধাজ্ঞা ও চোট পাওয়ার কারণে অন্তত ৬ জন খেলোয়াড়ের অনুপস্থিতিকেও পরাজয়ের জন্য দায়ী করেননি স্বদেশে 'সম্রাট' হিসাবে পরিচিত তেরিম, "আমি কখনোই নিষেধাজ্ঞা কিংবা চোট পাওয়ার কারণে খেলোয়াড়দের অনুপস্থিতিকে অজুহাত হিসাবে দাঁড় করাতে চাই না। আমি শুধু বলবো যে আমার ১১ জন খেলোয়াড় ছিল আর তারাই মাঠে নেমেছে।" এমনকি রুস্তু রেকবারকেও ক্ষমা করে দিয়েছেন তুরস্কের কোচ। রেকবারের মারাত্মক এক ভুলেই হেড করে জার্মানির দ্বিতীয় গোল করেছেন মিরোস্লাভ ক্লোসা। তেরিম তবু তাকে ক্ষমা করে দিচ্ছেন, "এমন ঘটনা তো ঘটতেই পারে। দ্বিতীয় গোল খাওয়ার পর আমাদের মনোবল হারানোরই কথা ছিল। কারণ আমাদের দলে তেমন অভিজ্ঞ খেলোয়াড় ছিল না। রুস্তুর কারণে গোল হওয়ার বাজে প্রভাব পড়তেই পারতো দলে। কিন্তু আজ আমরা তার পাশেই দাঁড়াচ্ছি।" তেরিম যখন তার শিষ্যদের নিয়ে গর্বিত তখন লউ জয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছেন ভাগ্যকে! সেমিফাইনালে প্রতিপক্ষকে ভালো খেলার কৃতিত্ব দিতে একটুও কার্পন্য করেননি জার্মানির কোচ, "কৌশলগতভাবে তুরস্ক খুবই শক্তিশালী দল। খেলাটার বেশ কয়েকটা বিভাগে আমরা তাদের সঙ্গে পেরে উঠিনি।" তবে এবার যে তুরস্ক শেষ মুহূর্তের গোল শোধ করতে পারবে না সে ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলেন তিনি, "এই টুর্নামেন্টে আমরা দেখেছি তুরস্ক কিভাবে তিন বার ফিরে এসে সম্পূর্ণভাবে তাদের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তাই আমরা জানতাম কী ঘটতে পারে। শেষ কয়েকটা মিনিট বেশ নড়বড়ে হয়ে পড়েছিলাম। কিন্তু আমরা ভাগ্যবান যে ৯০তম মিনিটে গোল করতে পেরেছি। এবং ওরা যে টানা চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে না সে ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলাম আমরা।" রেকবারের মতো তুরস্কের দ্বিতীয় গোলটাও এক জনের ভুলের সুবাদে পাওয়া। ল্যামকে দারুণ এক ডজে বোকা বানানো সারিওগ্লুর বাড়ানো বল ধরেই ম্যাচে দ্বিতীয় বারের মতো সমতা নিয়ে আসেন সেন্তুর্ক। তবে অন্তিম সময়ে দারুণ এক ভলিতে গোল করে ঐ ভুলকে জার্মানদের মন থেকে মুছে দিয়েছেন ল্যাম, নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা। সেজন্য জার্মানির জয়ের নায়ক একেবারে আবেগে আপ্লুত, "সমতাসূচক ঐ গোলের সময় আমি ভালো খেলতে পারিনি। তবে দলগতভাবে আমরা জানতাম নিজেদের ক্ষমতার ওপরে বিশ্বাস রাখতেই হবে। শেষ সময়ে ২-২ হওয়া এবং তারপরে জয়সূচক গোল করা, তা-ও আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে --- আমি শুধু বলতে পারি এটাই আমার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। আমার মধ্যে তখন কী হচ্ছিল তা বোঝাতে পারবো না। ভীষণ আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম তখন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৩০ঘ.