ভিয়েনা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতিরিক্ত সময়শেষে হাসি খেলা করছিল জিয়ানলুইজি বুফনের ঠোঁটের কোনে। ইতালির গোলরক্ষক হয়তো তখনই আগাম জয়ের কথা ভেবে রোমাঞ্চিত। অনেকের মতেই তিনি বিশ্বসেরা গোলরক্ষক। টাইব্রেকারে ইতালিয়ানদের পক্ষে বাজি ধরার লোকের তাই অভাব ছিল না। কিন্তু ইকার ক্যাসিয়াস তাদের সেই আশা পূরণ হতে দেননি। "ক্যাসিয়াস যতটা না স্পেনের তার চেয়ে অনেক বেশি রিয়াল মাদ্রিদের" জাতীয় অপবাদ ঘুচিয়ে জ্বলে উঠলেন তিনি, ঠেকিয়ে দিলেন ড্যানিয়েলে ডি রসি ও আন্তনিও ডি নাতালের শট। সেই সুবাদে ২২ জুনের 'কুফা' কাটিয়ে স্পেন এখন ইউরো ২০০৮এর সেমিফাইনালে রাশিয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায়।
এত দিন ২২ জুন তারিখটা সত্যিই স্পেনের ফুটবলের জন্য একটা কালো দিন ছিল। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এই দিনে তারা চার-চার বার হার মেনেছিল প্রতিপক্ষের কাছে। এর মধ্যে তিনটি ছিল কোয়ার্টার ফাইনালে এবং কাকতালীয়ভাবে তিনটিতেই টাইব্রেকারে! রোববারও ১২০ মিনিটের লড়াইশেষে টাইব্রেকারের 'লটারি'র সামনে দাঁড়ানোর সময় অতীতের কালো অধ্যায়গুলো উঁকি দিচ্ছিল তাদের মনে। কিন্তু এবার আর স্প্যানিয়ার্ডদের নিরাশ হতে হয়নি। বলা ভালো নিরাশ করেননি ক্যাসিয়াস। পুরো ম্যাচে অসাধারণ খেলে, ছোট বক্সের ওপর থেকে মাউরো কামোরানেসির নেয়া একটি বিপজ্জনক শট পা দিয়ে ঠেকিয়ে দিয়েই শুধু নিজের দায়িত্ব শেষ বলে ভাবেননি। জ্বলে উঠেছেন টাইব্রেকারেও। দূর করেছেন জাতীয় দলের পক্ষে তার ভালো খেলা নিয়ে সংশয়বাদীদের মনে জেগে ওঠা সব সন্দেহকেও। স্পেনকে জেতানো ছাড়া আরেকটি লড়াইয়েও ক্যাসিয়াস বিজয়ী। সেটা বিশ্বের সেরা দুই গোলরক্ষকের লড়াই। টাইব্রেকারে বুফনকে ম্লান করে দিয়ে দীর্ঘ ২৪ বছর পর স্পেনকে তিনি পৌঁছে দিয়েছেন কোনো বড় টুর্নামেন্টের শেষ চারে।
লুই আরাগোনেস অবশ্য পেনাল্টি শ্যুট আউটে ক্যাসিয়াসের সাফল্যে তেমন বিস্মিত হননি। স্পেনের কোচ নিশ্চিত ছিলেন, রিয়াল মাদ্রিদ সমর্থকদের প্রিয় 'স্যান ইকার' বিমুখ করবে না তার দলকে, "আমি নিশ্চিত ছিলাম সে (ক্যাসিয়াস) অন্তত একটা শট ঠেকাবেই। এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল আমার। আমাদের গোলকিপিং কোচ তাকে বলেছিল ওরা (ইতালি) কোথায়, কোথায় শট নিতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তটা ছিল ক্যাসিয়াসেরই।"
স্পেনের পত্র-পত্রিকা জুড়েও এখন শুধুই ক্যাসিয়াস-বন্দনা। সোমবার দৈনিক 'স্পোর্ট'-এর প্রথম পৃষ্ঠার শিরোনাম, "হিরো ক্যাসিয়াস"। আর 'এল মুন্ডো' লিখেছে, "স্প্যানিশ দুর্ভাগ্য ভেঙ্গে দিল ক্যাসিয়াস"।
ক্যাসিয়াসের নৈপুণ্যে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে ওঠার আনন্দও প্রাণভরে উপভোগ করেছে স্প্যানিয়ার্ডরা। মাদ্রিদ জুড়ে ছড়িয়ে থাকা অজস্র ফোয়ারার সামনে তারা নেচেছে, জাতীয় পতাকা হাতে, গাড়ির হর্ন বাজিয়ে মেতে উঠেছে জয়োৎসবে। যদিও স্পেনের অন্যতম প্রধান ক্রীড়াদৈনিক 'মার্কা'র রিপোর্টে উচ্ছ্বাসের চেয়ে স্বস্তিই ছিল বেশি। তারা লিখেছে, "সম্ভবত এই স্প্যানিশ সাফল্য সেই সব ঐতিহাসিক বোঝা থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য করবে, যে সাফল্যের অভাবে প্রত্যেকের মধ্যেই আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছিল।" 'মার্কা'র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী 'এএস'-এর রিপোর্টে বিচ্ছুরিত হয়েছে আত্মবিশ্বাস , "সব ধরনের জটিলতা চাপা পড়বে, আমরা আরো সামনের দিকে তাকাতে পারবো আর এই দলের খেলোয়াড়দের সামর্থ্যরে ওপরেও আস্থা রাখতে পারবো। আমরা এখন মনে করি সব কিছুই সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০৫ঘ.
bdnews24