২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুলকে নিষ্ক্রিয় করে ফোরামের নতুন নেতা মিকু

মহিউদ্দিন বুলবুলকে নিষ্ক্রিয় করে ফোরামের নেতৃত্বের ব্যাটন উঠেছে আশিকুর রহমান মিকুর হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মহিউদ্দিন বুলবুলকে নিষ্ক্রিয় করে ফোরামের নেতৃত্বের ব্যাটন উঠেছে আশিকুর রহমান মিকুর হাতে। কুমিল্লা ডিএসএ'র সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবুকে সভাপতি ও নড়াইল ডিএসএ'র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুকে মহাসচিব করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের (ফোরাম) ৩৩ সদস্যের কমিটি আত্মপ্রকাশ করেছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন ও নির্বাচনে নতুন কমিটি গঠিত হয়েছে। সাপের খোলস পাল্টানোর মতো গত এক বছরে কয়েকবার চরিত্র পাল্টেছে ফোরাম। ২০০৭ সালের মে পর্যন্ত এই ফোরাম ছিল সাবেক সভাপতি গোলাম রসুল মোল্লা নিয়ন্ত্রিত। বিতর্কিত এই সংগঠকের আমলে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ফোরাম। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় "মোল্লা খেদাও" আন্দোলন। অবশেষে গত বছর ৪ জুন ফোরামের সভাপতি পদ থেকে মোল্লার পদত্যাগের মাধ্যমে নতুন নেতা হিসেবে কাজী মহিউদ্দিন বুলবুলের আবির্ভাব ঘটে। এতদিন তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে দায়িত্ব পালন করলেও মোল্লার ছায়ায় থাকায় ঠিক নেতা হয়ে উঠা হয়নি। মোল্লার বিদায়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আশীর্বাদে বুলবুলের সক্রিয়তা বাড়লেও তা বেশিদিন স্থায়ী হয়নি। কারণ গত বাফুফে নির্বাচনে বিওএ'র নির্দেশনা অমান্য করেছেন তিনি। তাই বিওএ আর ঝুঁকি না নিয়ে বিসিবি নির্বাচনের আগেই ফোরামের নতুন নেতা বানিয়ে দিয়েছেন মিকুকে। তবে নতুন মহাসচিব দাবি করেছেন, "আমরা ফোরামের অতীত দুর্নাম ঘোচানোর চেষ্টা করবো। ফোরমা যেন শুধু ক্রীড়া ফেডারেশনের নির্বাচন কেন্দ্রিক না হয় সেই চেষ্টাই করবো।" উল্লেখ্য ফোরামের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০০০ঘ.