ভিয়েনা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফন বাস্তেনের সামনে ইতিহাস গড়ার সুযোগ আর রাশিয়ার কাছে সুযোগটা ২০ বছর আগের হিসাব চুকানোর। এক সপ্তাহ আগেও এমন কথায় হয়তো লোক হাসানো হতো, তবে গত বুধবারের পর থেকে সে সম্ভাবনা শূন্যের কোঠায়। সুইডেনকে দৃষ্টিনন্দন ফুটবলের জাদুতে ২-০ গোলে কুপোকাৎ করে রাশিয়া যেভাবে গ্র"প 'ডি' থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে তারপর কি আর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়?
সুইডেনের সঙ্গে তাকলাগানো ফুটবল খেলাটা আসলে রাশিয়ার জন্য বোনাস। তাতে আত্মবিশ্বাস বেড়েছে। ম্যাড়ম্যাড়ে ফুটবল খেলে শেষ আটে এসে নেদারল্যান্ডসকে পেলেও অবশ্য রুশদের বাড়তি উদ্দীপনার অভাব হতো না। ২০ বছর আগে, ১৯৮৮-র আসরের ফাইনালে ডাচদের কাছে হেরেই ইউরো জয়ের স্বপ্ন ভেঙ্গেছিল তাদের। সুতরাং ডাচদের এবং বর্তমান ডাচ দলের কোচ ফন বাস্তেনের সঙ্গে রাশিয়ার একটা হিসাব চুকানোর ব্যাপার এমনিতেই তো আছে। হ্যাঁ, এখন কোচ হলেও '৮৮তে নেদারল্যান্ডস দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন বাস্তেন। স্ট্রাইকার হিসেবে তখন তিনি ফর্মের তুঙ্গে। আরনল্ড মুহরেন-এর ক্রসে অসাধারণ এক ভলিতে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে ফাইনালে তার প্রমানও রেখেছিলেন। বাস্তেনের ওই গোলেই নিশ্চিত হয়েছিল ডাচদের জয়, সেই সুবাদে ফুটবলে নিজেদের সবচেয়ে বড় অর্জন, ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া।
এবার আবার সেই অর্জনের পথে দৃঢ় পায়ে এগিয়ে চলেছে নেদারল্যান্ডস। গ্র"প অব ডেথ 'সি' থেকে উঠে এসেছে তারা প্রথমে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৩-০, তারপর রানার্সআপ ফ্রান্সকে ৪-১ আর শেষ ম্যাচে রুমানিয়াকে ২-০ গোলে হারিয়ে। তিন প্রতিপক্ষকে তারা এমনভাবে হারিয়েছে যাতে ম্যাচের ফলাফলের চেয়ে বড় হয়ে উঠেছে ডাচদের ফুটবল-শৌকর্য। এ মুহূর্তেও যদি এবারের আসরের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানতে চাওয়া হয় বাস্তেনের দলকে এড়াতে পারবেন না কেউ।
সেদিক থেকে শনিবার ইউরো ২০০৮-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস পরিস্কার ফেবারিট। তবে বাস্তেন জানেন সুইডেনকে বিদায় করার দিনে রুশরা কী বার্তা পাঠিয়েছে! রাশিয়ার ডাচ কোচ গাস হিডিঙ্ক জোর গলায় বলতেই পারেন, নেদারল্যান্ডসের যদি রুড ফন নিস্টলরয় থাকে, তাদের আছে সুইডেন ম্যাচে নিজেকে নিজেকে ফিরে পাওয়া রোমান পাভলিচেঙ্কো, ওয়েসলি স্নাইডারের জবাব হিসেবে আছে বহিস্কারাদেশ কাটিয়ে দলে ফিরেই রাশিয়াকে জাগিয়ে তোলা আন্দ্রেই আরশাভিন, আরিয়েন রবেনের দুশ্চিন্তা বাড়াতে আছেন কনস্টানটিন জিরিয়ানভ.....। বিশ্বখ্যাতিতে পিছিয়ে থাকতে পারেন, তাই বলে রুশ ফুটবলাররা স্কিল বা মেধায় যে কারো চেয়ে খুব পিছিয়ে এ কথা বোধহয় এখন আর কেউ বলতে পারবেন না।
টুর্নামেন্টে রাশিয়ার শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। স্পেনের বিপক্ষে ৪-১ গোলে হেরে যাওয়া সেই ম্যাচটিই তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন আর নেদারল্যান্ডসের জন্য সবচেয়ে বড় প্রেরণা। ফন বাস্তেন তা বলেছেনও, " ওদের (রাশিয়া) বিপক্ষে স্পেন কী করেছিল তা খতিয়ে দেখতে হবে, ওই ম্যাচ থেকেই শিক্ষা নিতে হবে আমাদের।"
তবে রুশদের কাছে সেই ম্যাচ অনেকটা ভুলে যাওয়া অতীত। কোচ গাস হিডিঙ্কের কাছে সুইডেন ম্যাচের রাশিয়াই আসল রাশিয়া আর সে কারণে প্রতিপক্ষের শ্রদ্ধা তাদের ন্যূনতম চাওয়া, "আমার দল যে ভালো ফুটবল খেলতে পারে এ আসরে খেলোয়াড়রা তা প্রমান করেছে। যেভাবে খেলি তাতে আমরা অন্যদের কাছ থেকে সম্মান পাই। আমরা সেভাবেই খেলি আসলে যেভাবে ফুটবলটা খেলা উচিত। আমি মনে করি, নেদারল্যান্ডসও সেভাবেই খেলে।"
পূর্বানুমান যেমনই হোক, রাশিয়া আসলে নেদারল্যান্ডসের কতটা যোগ্য প্রতিপক্ষ তা প্রমানিত হবে শনিবার, বাসেলের মাঠে। শুধু এটুকু আগাম বলা যায়, হিডিঙ্ক যাদের ওপর ভরসা রাখেন তারা সচরাচর খুব একটা হতাশ করেন না। ক্লাব পর্যায়ে পিএসভি আইন্দহোফেন, ফেনারবাচে, ভ্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদের অনেক সাফল্যের রূপকার তিনি। তবে তার সর্বশেষ দুটি সাফল্য নেদারল্যান্ডস আর দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে। ১৯৯৮ বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে কোচ হিডিঙ্কই তুলেছিলেন সেমিফাইনালে। 'লাকি গাস' এবার রাশিয়াকে কতদূর নিয়ে যান সেটাই এখন দেখার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৯৩০ঘ.
bdnews24